ভারতের ‘অনুপ্রবেশকারী’দের এবার ‘ভারতীয় নাগরিক’ বলল বাংলাদেশ হাইকোর্ট! সোনালি বিবিদের নিয়ে ঐতিহাসিক রায়ে তুমুল শোরগোল

অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ হওয়া বীরভূমের ৯ মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবি-সহ আরও ৬ জনের পক্ষে এবার এল এক বড়সড় রায়। এবার আর ভারতের নয়, বরং বাংলাদেশ হাইকোর্ট তাঁদের ‘ভারতীয় নাগরিক’ বলে স্বীকৃতি দিল। তৃণমূলের রাজ্যসভা সাংসদ তথা পরিযায়ী কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম শুক্রবার এক্স (X)-এর পোস্টে ঢাকা হাইকোর্টের এই রায়কে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন।

বাংলাদেশের কোর্টের রায়ে কেন্দ্রের ‘বাংলাদেশী’ তকমা খারিজ
এই রায়ের ফলে কেন্দ্রীয় সরকারের ‘বাংলাদেশী’ তকমার দাবি কার্যত খারিজ হয়ে গেল। এর আগে কলকাতা হাইকোর্টও সোনালি বিবিদের চার সপ্তাহের মধ্যে দেশে ফেরানর নির্দেশ দিয়েছিল।

হাইকোর্টের নির্দেশ: এবার সোনালি বিবিদের ভারতে ফিরিয়ে নেওয়ার জন্য ভারতীয় হাইকমিশনকে নির্দেশ দিল বাংলাদেশ হাইকোর্ট।

প্রমাণের নথি: সামিরুল ইসলামের এক্স পোস্ট অনুযায়ী, বাংলাদেশের আদালত প্রমাণ স্বরূপ পুশব্যাক হওয়া মানুষদের আধার কার্ড নম্বর ও বাসস্থানের নথি প্রদর্শন করেছে।

সামিরুলের মন্তব্য: কেন্দ্র সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, “আমাদের দেশ যাদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করার জন্য এত চেষ্টা করেছিল, তারাই এখন ভারতীয় বলে প্রমাণিত হয়েছেন। শুধু আমরা নয়, বাংলাদেশের হাইকোর্টও জানিয়েছে যে তাঁরা ভারতীয়।”

যদিও বৃহস্পতিবার এই নির্দেশের প্রতিলিপি প্রকাশ্যে এলেও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক এখনও নীরব। পুশব্যাক হওয়ার পর গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের মুখ্য বিচারবিভাগীয় আদালতে সোনালি সহ বাকি ছয়জনের জামিনের শেষ শুনানি হয়েছে, তবে এখনও তাঁদের জামিন মঞ্জুর হয়নি। আগামী ২৩ অক্টোবর নিম্ন আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে।

বিজেপির বিরুদ্ধে তৃণমূলের তোপ
এদিন এক্সের পোস্টে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে সামিরুল ইসলাম অভিযোগ করেন যে, “বাংলা-বিরোধী বিজেপি কীভাবে দরিদ্র বাংলাভাষী মানুষদের উপর নিষ্ঠুরভাবে আক্রমণ চালাচ্ছে, তাদের বাংলাদেশী হিসেবে চিহ্নিত করছে এবং শুধুমাত্র তাঁদের ভাষার জন্য কীভাবে দেশছাড়া করছে এটি তার জলজ্যান্ত প্রমাণ।”

তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার প্রশংসা করে লেখেন, বিজেপি-র এত দূরভিসন্ধি সত্ত্বেও তাঁরা এই মানুষদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে সাহস জুগিয়েছেন। সামিরুল শেষে প্রশ্ন তোলেন, “এখন প্রশ্ন হল, বাংলা বিরোধী কেন্দ্রীয় সরকার সোনালী এবং তার সঙ্গীদের কখন দেশে ফিরিয়ে আনবে?”