ভাঙল মাটির ঘড়, পুজোয় আশ্রয় প্রতিবেশীর বাড়িতে! সরকারি বাড়ির আবেদন জানাল পরিবার

পুজোর মুখে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি মাটির বাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেও এক কাপড়ে ঘরছাড়া হল একটি পরিবার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায়। বর্তমানে অসহায় পরিবারটি পাড়া-প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে এবং সরকারি সাহায্যের আবেদন জানিয়েছে।
স্থানীয় বাসিন্দা এবং পেশায় কৃষক স্বদেশ কারক তাঁর মৃত দাদার পরিবারের সদস্যদের নিয়ে একটি মাটির বাড়িতে থাকতেন। গত শুক্রবার দুপুরে হঠাৎ করেই বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। পরিবারের সদস্যরা সময় মতো বাড়ি থেকে বেরিয়ে আসায় বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
প্রাণ বাঁচলেও বাড়ির আসবাবপত্র, জামাকাপড়—সবই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। পরিবারের ছোট শিশুসহ মোট ৭ জন সদস্য এখন প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। পুজোর আগে এমন ঘটনা ঘটায় চরম দুর্দশার মধ্যে পড়েছেন তারা।
এ বিষয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর রাজন কুলভি জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে ওই পরিবারের পাশে আছেন এবং সরকারি বাড়ি বরাদ্দ হলেই তাদের সাহায্যের ব্যবস্থা করা হবে।