ভয়াবহ বাস দুর্ঘটনা রাজারহাটে! নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল যাত্রীবাহী বাস, আহত ৪০

ভোর সকালেই এক ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল কলকাতা সংলগ্ন রাজারহাট এলাকায়। শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ যাত্রীবাহী পাবলিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাজারহাট-হাড়োয়া খালের ওপর থেকে সোজা খালে পড়ে যায়। এই দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে বাসটি খালের ওপরের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। ওই সময় বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। বাসটি বেড়াচাঁপা থেকে করুণাময়ীর দিকে যাচ্ছিল।
আহত সকল যাত্রীকে দ্রুত উদ্ধার করে দেগঙ্গা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয়দের ক্ষোভ: রাস্তার দুরবস্থা নিয়ে সরব
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরই স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা ভিড় করে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ, যার ফলে এমন দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী। এলাকাবাসীর দাবি, এই অংশে সর্বদা ট্রাফিক পুলিশও উপস্থিত থাকে না।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাস্তার অবস্থা বেহাল থাকার পাশাপাশি বাসটি তীব্র গতিতে চলছিল, যার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।