ভয়ঙ্কর ঘটনা ইনদওরে! একসঙ্গে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা ২৫ জন রূপান্তরকামীর, কারণ ঘিরে দানা বাঁধছে রহস্য

মধ্যপ্রদেশের ইনদওরে বুধবার রাতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। একসঙ্গে প্রায় ২৫ জন রূপান্তরকামী (Transgender) ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর। খবর পেয়ে পুলিশ সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

হাসপাতালে ভর্তি ২৫ জন
মহারাজা যশবন্তরাও হাসপাতালের (MYH) সুপারিনটেনডেন্ট-ইন-চার্জ বসন্ত কুমার নিঙ্গওয়াল জানিয়েছেন, “আমাদের হাসপাতালে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রায় ২৫ জনকে ভর্তি করা হয়েছে। তবে রোগীদের কারও অবস্থাই আশঙ্কাজনক ছিল না।”

তাঁদের এই গণহারে ফিনাইল খাওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ রাজেশ দন্ডোটিয়া বলেছেন, “তদন্ত চলছে। তদন্তের পরেই স্পষ্ট হবে যে রূপান্তরকামীরা কী পদার্থ খেয়েছিলেন এবং কেন।”

কী কারণে এই গণ-আত্মহত্যার চেষ্টা?
এই ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্য এক পুলিশকর্তার কথায়, রূপান্তরকামী সম্প্রদায়ের দু’টি স্থানীয় গোষ্ঠীর মধ্যেকার পুরোনো বিরোধের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ বর্তমানে সমস্ত দিক খতিয়ে দেখছে। এই ঘটনায় ইনদওরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।