বোমাতঙ্ক থেকে গানে নিষেধাজ্ঞা— কিছুতেই আটকানো যাচ্ছে না! সব বাধা উড়িয়ে ইন্দোরে কনসার্ট করবেন দিলজিৎ

বোমাতঙ্ক থেকে শুরু করে গানে নিষেধাজ্ঞা— একের পর এক আইনি ও নিরাপত্তার বিতর্কে জড়িয়ে পড়েছে জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) আসন্ন ইন্দোর কনসার্ট (Diljit Dosanjh Indore Concert)। তবে এতকিছুর পরেও নিজের সিদ্ধান্ত থেকে একচুলও সরছেন না গায়ক। সমস্ত বিতর্ক ও জল্পনাকে উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৫ নভেম্বর ইন্দোরে অনুষ্ঠান তিনি করবেনই। শুধু তাই নয়, কনসার্টের পাশাপাশি ইন্দোরে পৌঁছে বিখ্যাত ‘ইন্দোরি পোহা’ খাওয়ার পরিকল্পনাও সেরে ফেলেছেন তিনি।

চলতি দফায় দিলজিতের ‘AURA India Tour 2026’-এর অঙ্গ হিসেবেই আগামী ১৫ নভেম্বর ইন্দোরে এই মেগা শো হওয়ার কথা। কিন্তু শো শুরুর আগেই তৈরি হয়েছে নানা জটিলতা। সম্প্রতি ইন্দোরের তিনটি বেসরকারি স্কুল এবং মেয়র পুষ্যমিত্র ভার্গবের দফতরে পরপর ইমেল পাঠিয়ে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। ওই ইমেলগুলিতে দাবি করা হয়, দিলজিতের কনসার্টকে কেন্দ্র করে বড়সড় বিস্ফোরণ ঘটানো হতে পারে। এমনকি, পড়ুয়াদেরও ওই অনুষ্ঠানে অংশ না নেওয়ার জন্য সতর্কবার্তা পাঠানো হয়েছিল।

হুমকি পাওয়ার পরেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। স্কুলগুলিতে তল্লাশি চালায় বম্ব স্কোয়াড। যদিও তল্লাশিতে কোথাও কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। ইন্দোর পুলিশের প্রাথমিক অনুমান, এই ইমেলগুলি সম্পূর্ণ ভুয়ো হতে পারে। তবে কারা এই ধরনের আতঙ্ক ছড়ানোর নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখছে ক্রাইম ব্রাঞ্চ।

বিতর্ক এখানেই থামেনি। গত ৬ নভেম্বর ইন্দোরের জেলা শিশু সুরক্ষা আধিকারিক C-21 মলের কর্তৃপক্ষকে নির্দেশ দেন, কনসার্টে দিলজিৎ যেন তাঁর জনপ্রিয় চারটি গান না করেন। চণ্ডীগড়ের এক অধ্যাপকের অভিযোগের ভিত্তিতে মূলত এই নির্দেশ দেওয়া হয়েছে। ওই তালিকায় রয়েছে— ‘Patiala Pegg’, ‘5 Taara Theeke’, ‘Jeeb Vicho Labbiya’ এবং ‘Jatt Uthe Fire Karda Jithe Pabandi Hathiyara Di’। অভিযোগ করা হয়েছিল যে, গানগুলির কথায় মদ, মাদক ও অস্ত্রের ব্যবহারকে মদত দেওয়া হচ্ছে। ২০১৯ সালের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একটি নির্দেশের কথাও এতে উল্লেখ করা হয়েছে।

এর আগেও দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গত ৩০ অক্টোবরের অনুষ্ঠান ঘিরেও বিস্তর অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নিরাপত্তার কারণ দেখিয়ে প্রথমে দিল্লি পুলিশ অনুমতি দিতে চায়নি। পরবর্তীতে নতুন করে কঠোর নিরাপত্তা পরিকল্পনা জমা দেওয়ার পরেই শোয়ের অনুমতি মেলে। ওই কনসার্টে প্রায় ২ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল এবং স্টেডিয়ামের চারপাশে ৭০০ মিটারের একটি ‘নো-কার জোন’ তৈরি করা হয়েছিল। পাশাপাশি, বিহারেও অনুমতি সংক্রান্ত জটিলতার কারণে অনুষ্ঠান করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছিলেন গায়ক। দিলজিতের মতে, দর্শকদের বিশাল ভিড় সামলানোর সম্পূর্ণ দায়িত্ব প্রশাসনেরই নেওয়া উচিত, যা শিল্পীর ওপর চাপানো কাম্য নয়।

সমস্ত প্রতিকূলতা ও বিতর্ককে পিছনে ফেলে দিলজিৎ এখন ইন্দোরের মঞ্চ কাঁপাতে সম্পূর্ণ প্রস্তুত। ইন্দোরের পর আগামী ২১ নভেম্বর আমদাবাদ, ২৭ নভেম্বর মুম্বই, ২৯ নভেম্বর বেঙ্গালুরু, ৫ ডিসেম্বর লখনউ, ১২ ডিসেম্বর চণ্ডীগড় এবং আগামী ১৯ ডিসেম্বর কলকাতার যুবভারতীতে তাঁর মেগা কনসার্ট করার কথা রয়েছে।