বেতন সোজা দ্বিগুণ! অষ্টম পে কমিশনের নতুন নিয়মে কোন কর্মচারীদের ভাগ্য খুলতে চলেছে জানেন?

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসছে এক বিরাট আর্থিক সুসংবাদ। অষ্টম বেতন কমিশনের কাছে বিভিন্ন কর্মী সংগঠনের পক্ষ থেকে রাখা একটি বিশেষ প্রস্তাব যদি শেষ পর্যন্ত কার্যকর হয়, তবে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে কর্মীদের বেতন। বিশেষ করে নিম্ন ও মধ্যম বেতনক্রমের কর্মীরা এর ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন। এআইএনপিএসইএফ (AINPSEF) এবং এনসি-জেসিএম (NC-JCM)-এর মতো প্রধান কর্মী সংগঠনগুলির দাবি, মহার্ঘ ভাতা বা ডিএ (DA) ২৫ শতাংশ ছাড়িয়ে গেলেই তা যেন অবিলম্বে মূল বেতনের (Basic Pay) সঙ্গে জুড়ে দেওয়া হয়।

সাধারণত সরকারি কর্মীদের বেতন উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেতে প্রায় এক দশক সময় লেগে যায়। তবে এই নতুন প্রস্তাব মেনে নেওয়া হলে কম সময়েই বেতন হারের এক দারুণ সুষম বৃদ্ধি দেখা যাবে। উদাহরণস্বরূপ, সপ্তম বেতন কমিশনের আওতায় লেভেল ৬-এর একজন কর্মীর মূল বেতন যদি ৩৫,৪০০ টাকা হয়, তবে ২.১ ফিটমেন্ট ফ্যাক্টর ধরলে অষ্টম বেতন কমিশনে তা বেড়ে দাঁড়াতে পারে ৭৪,৩৪০ টাকা।

সংগঠনগুলির প্রস্তাবিত সূত্র অনুযায়ী, বার্ষিক ৭ শতাংশ ইনক্রিমেন্ট এবং গড়ে ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি ধরে এগোলে, আগামী ২০৩৩ সালের ১ জানুয়ারি নাগাদ ওই কর্মীর মূল বেতন ১,১৯,৩৭৪ টাকায় পৌঁছাতে পারে। এর সঙ্গে প্রায় ২৮ শতাংশ ডিএ যুক্ত হলে সর্বসাকুল্যে মোট মাসিক বেতন দাঁড়াবে প্রায় ১,৫২,৭৯৮ টাকা, যা বর্তমানের তুলনায় কার্যত দ্বিগুণের সমান। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে তা দেশের কোটি কোটি কর্মীর আর্থিক জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে।