বেঙ্গালুরুকে হারানো পাঞ্জাব এফসিকে কীভাবে থামাবেন ব্রুজো? ইস্টবেঙ্গল শিবিরে ফিরল পুরোনো মেজাজ, রিজার্ভ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে বড় জয়!

আগামী মাসের শুরুতেই সুপার কাপের সেমিফাইনালে শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে কঠিন লড়াইয়ে নামতে চলেছে ইস্টবেঙ্গল দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুনীল ছেত্রীদের শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করেছিল পাঞ্জাব শিবির। তাই তাদের বিপক্ষে সেমিফাইনালের লড়াইটা যে মোটেও সহজ হবে না, সেটা ভালো মতোই জানেন লাল-হলুদ শিবির।
ডার্বি ম্যাচের পর সাময়িক ছুটি কাটিয়ে খেলোয়াড়রা এখন কলকাতায় ফিরে অনুশীলনে যোগ দিয়েছেন। মহম্মদ রশিদ, হিরোশি ইবুসুকি-সহ প্রত্যেকেই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন।
কোচ ব্রুজোর নজর ফিজিক্যাল ট্রেনিংয়ে
স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো শহরে ফেরার পর থেকেই দলের অনুশীলনে যেন এক নতুন মেজাজ ফিরেছে। অল্প সময়ের মধ্যেই নিজেদের জাত চেনাতে বদ্ধপরিকর সকলে। কোচ মূলত টিম বন্ডিংয়ের পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংয়ের উপরে বিশেষ জোর দিচ্ছেন।
গত মাসে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডের ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল। কিন্তু সেই ফাইনালে প্রতিবেশী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের কাছে আটকে যেতে হয়েছিল। সেই ধাক্কা কাটিয়ে এবার সুপার কাপে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দলকে প্রস্তুত করছেন কোচ।
এরই মধ্যে, সাউল ক্রেসপো’দের সিনিয়র দল রিজার্ভ দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলে, যেখানে তারা বড় ব্যবধানে জয়ও পেয়েছে। গোল করে নজর কেড়েছিলেন রশিদ। অর্থাৎ আসন্ন সেমিফাইনালের জন্য সবরকম ভাবে দলকে প্রস্তুত রাখতে চাইছেন কোচ।
ভবতারিণীর শরণে জাতীয় তারকা জয় গুপ্তা
এদিকে খেলার মাঠে নামার আগে লাল-হলুদের দাপুটে ডিফেন্ডার জয় গুপ্তা দক্ষিণেশ্বরে গিয়ে মা ভবতারিণীর দর্শন করে এসেছেন। বেশ কিছুক্ষণ আগে নিজের সোশ্যাল সাইটে পরিবারের সদস্যার সাথে সেই সম্পর্কিত কিছু ছবিও দিয়েছিলেন তিনি।
চলতি মরসুমে জয় গুপ্তাকে দলে টানা ইস্টবেঙ্গলের জন্য একটি বড় চমক ছিল। আইএফএ শিল্ডের ফাইনালে জয় না আসলেও, জাতীয় শিবিরের এই তারকার সামনে এখন সুপার কাপে নিজেকে প্রমাণ করার বড় চ্যালেঞ্জ। আগামী সেমিফাইনাল ম্যাচের দিকেই এখন নজর রয়েছে লাল-হলুদ সমর্থকদের।