বীরভূমে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে উল্টে গেল দুটি গাড়ি, গুরুতর আহত কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন-ভগ্নিপতিসহ ৮ জন

বৃহস্পতিবার বিকেলে বীরভূমের চিনপাই গ্রামের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে ঘটল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। যাত্রীবাহী একটি ভ্যানের সঙ্গে একটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়, যার জেরে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বোন, ভগ্নিপতি-সহ মোট আটজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় দু’টি গাড়িই উল্টে যায়, মুহূর্তে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঠিক কী ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন, তাঁর স্বামী এবং পরিবারের আরও তিনজন একটি চারচাকা গাড়িতে করে মুরারই থেকে পুরুলিয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। সেই সময় উল্টোদিক থেকে আসা আরেকটি চারচাকা যাত্রীবাহী ভ্যানের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। জোরালো ধাক্কায় দুটি গাড়িই উল্টে গিয়ে রাস্তার ধারে পড়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করেন। সদাইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করে।

আহতদের মধ্যে অর্ণব ঘোষ জানান, “আমরা পুরুলিয়া যাচ্ছিলাম। হঠাৎ সামনে থেকে আসা মারুতি ভ্যানটি প্রচণ্ড ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে গাড়ি উল্টে যায়। আমার মা, বাবা আর ঠাকুমার অবস্থা ভালো নয়।” অন্যদিকে, মারুতি ভ্যানে থাকা তিনজনও গুরুতর জখম হয়েছেন।

৫ জনের অবস্থা আশঙ্কাজনক, স্থানান্তরের উদ্যোগ
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। আহতদের খোঁজখবর নিয়ে তিনি জানান, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন, ভগ্নিপতি ও তাঁদের পরিবারের সদস্যরা এই দুর্ঘটনায় জখম হয়েছেন। মোট আট থেকে নয়জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।”

বিধায়ক আরও জানান, প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক ৫ জনকে দ্রুত কলকাতায় স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং দুটি গাড়িই উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার ফলে কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়েছিল।