বিহারের রাজনীতিতে মহাবিপ্লব! নীতীশ-পুত্র নিশান্ত কি হচ্ছেন উপমুখ্যমন্ত্রী? তুঙ্গে জল্পনা

বিহারের রাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। রাজ্যের দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার বিধান পরিষদের (MLC) সদস্যপদ থেকে ইস্তফা দিলেন। চলতি মাসেই তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন, যার ফলে নিয়ম মেনেই রাজ্য আইনসভা ছাড়লেন তিনি। নীতীশের এই দিল্লি গমন বিহারের রাজনৈতিক সমীকরণ আমূল বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।
বিহারের একক বৃহত্তম দল হিসেবে ৮৯টি আসন নিয়ে বিজেপি এবার মুখ্যমন্ত্রীর পদের দাবিদার। রাজনৈতিক মহলের ধারণা, ২০২৫-এর জয়ের পর রেকর্ড দশমবার শপথ নেওয়া নীতীশ সরে দাঁড়ানোয় এবার পদ্ম শিবিরের কেউ বসতে পারেন পাটনার কুর্সিতে। বদলে জেডিইউ পেতে পারে দুটি উপমুখ্যমন্ত্রীর পদ। সবথেকে বড় চমক হতে পারে নীতীশ-পুত্র নিশান্ত কুমারের রাজনীতিতে অভিষেক। দীর্ঘদিনের জল্পনা সত্যি করে নিশান্তকে উপমুখ্যমন্ত্রীর পদে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।
১৯৮৫ সালে বিধায়ক হিসেবে যাত্রা শুরু করা নীতীশ কুমার জোট রাজনীতির ‘চাণক্য’ হিসেবে পরিচিত। বারবার শিবির বদল করেও নিজের প্রাসঙ্গিকতা বজায় রেখেছেন তিনি। নীতীশের প্রস্থানে বিহারে বিজেপির প্রভাব বাড়লেও, তাঁর ‘পরামর্শ ও সহযোগিতা’ জারি থাকবে বলে তিনি জানিয়েছেন। এখন দেখার, নীতীশের ছেড়ে যাওয়া সিংহাসনে বিজেপি কাকে বসায় এবং নিশান্ত কুমারের ভাগ্য সুপ্রসন্ন হয় কি না।