বিহারের মখানায় আন্তর্জাতিক ছোঁয়া! পূর্ণিয়া থেকে গ্রিসে পাড়ি দিল ১ মেট্রিক টন পপড মখানা

কৃষি ও প্রসেসড ফুড এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি (APEDA)-র সহযোগিতায় বিহারের পূর্ণিয়া থেকে ১ মেট্রিক টন পপড (প্রক্রিয়াজাত) মখানা সরাসরি গ্রিসে রপ্তানি করা হয়েছে। কেন্দ্র সরকারের মতে, এই যুগান্তকারী পদক্ষেপ বিহারের মখানা চাষিদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযুক্ত করতে এবং তাঁদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বাণিজ্য মন্ত্রক সূত্রে জানা গেছে, এই বিশেষ চালানটি পূর্ণিয়ার বেলৌরীর ‘ইন্দো গ্লোবাল এক্সপোর্ট’ কর্তৃক সংগৃহীত হয়েছে এবং ‘এস. এস. ফুডস এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড’-এর মাধ্যমে সফলভাবে পাঠানো হচ্ছে। মুন্দ্রা বন্দর থেকে যাত্র শুরু করে এই মখানার চালান গ্রিসের পিরাএস বন্দরে গিয়ে পৌঁছাবে। সরকারের দাবি, আন্তর্জাতিক বাজারে বিক্রির ফলে স্থানীয় চাষিরা ঘরোয়া বাজারের তুলনায় অনেক বেশি লাভজনক মূল্য পেয়েছেন, যা ভবিষ্যতে কৃষকদের অতিরিক্ত আয় নিশ্চিত করতে সাহায্য করবে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে মখানা উৎপাদনে ভারত শীর্ষে রয়েছে এবং একাই মোট উৎপাদনের ৮০ থেকে ৮৫ শতাংশ সরবরাহ করে থাকে বিহার। রাজ্যের প্রায় ১০টি জেলার ৩৫, হাজার হেক্টরেরও বেশি জমিতে মখানার চাষ হয়, যা হাজার হাজার কৃষকের জীবনজীবিকার প্রধান ভিত্তি। চলতি অর্থবর্ষে ভারত ৭,০০০ মেট্রিক টনেরও বেশি মখানা এবং এর ভ্যালু-অ্যাডিশন পণ্য বিশ্বের ২০টিরও বেশি দেশে রপ্তানি করেছে, যার মোট বাজারমূল্য প্রায় ২.২ কোটি মার্কিন ডলার। বিহার সরকারের কৃষিমন্ত্রী বিজয় কুমার সিনহা জানিয়েছেন, কৃষকদের আয় বৃদ্ধি ও রপ্তানি বাণিজ্যে গতি আনতে রাজ্য সরকার একটি আধুনিক কৃষি রপ্তানি নীতি নিয়ে কাজ করছে এবং মখানা সাপ্লাই চেইন শক্তিশালী করতে একাধিক প্যাকহাউস তৈরি করা হয়েছে।