বিশ্বকর্মা পুজোয় হাতির আরাধনা! ডুয়ার্সের ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন

সাধারণত বিশ্বকর্মা পুজোয় শিল্প বা যন্ত্রের পুজো করা হয়। তবে এবার ডুয়ার্সের জলপাইগুড়িতে বিশ্বকর্মা পুজো পেল এক অন্যরকম মাত্রা। এখানে বিশ্বকর্মার বাহন হাতিকেই দেবতা রূপে পূজা করলেন বনকর্মী, পর্যটক এবং বনবস্তির বাসিন্দারা। ডুয়ার্সজুড়ে বৃষ্টি হলেও এই ব্যতিক্রমী পুজো দেখতে ভিড় জমিয়েছিলেন শত শত মানুষ।

ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যান, ধুপঝোরা ও বুধুরাম বিটে থাকা মোট ২৮টি পোষা কুনকি হাতিকে এই দিন ভগবানের রূপে পূজা করা হয়। বনকর্মীরা জানান, যারা সারা বছর হাতিদের যত্ন নেন, তাদের কাছে এই হাতিরাই ভগবানের মতো। তাই বিশ্বকর্মা পুজোর দিনে তাদের আরাধনা করা হয়েছে।

পূজার আগে হাতিদের নদীতে স্নান করানো হয় এবং তাদের শরীরে রঙিন খড়িমাটি দিয়ে নাম লিখে সাজানো হয়। এরপর পূজা শেষে হাতিদের জন্য ছিল বিশেষ ভোজের ব্যবস্থা। কলাপাতায় মুড়ে চা, ডাল, গুড়, ছোলা দিয়ে তৈরি বিশেষ খাবার দেওয়া হয় তাদের।

এই ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হতে পেরে খুশি পর্যটকরা বলেন, “জীবন্ত হাতির পূজা এর আগে কখনও দেখিনি। এই অভিজ্ঞতা সত্যিই অনন্য।” স্থানীয় গ্রামবাসীরাও এই পুজোয় অংশ নেন এবং প্রার্থনা করেন যেন তাদের ফসল হাতির আক্রমণ থেকে রক্ষা পায়।

এই পুজো যেন মানুষ, প্রকৃতি ও বন্যপ্রাণীর এক অসাধারণ সম্মিলন। বিশ্বকর্মা পুজোয় এভাবেই অন্যরকম মাত্রা পেল জলপাইগুড়ি।