বিয়ের রাতেই ‘প্রেগন্যান্সি কিট’ উপহার! নবদম্পতির ‘সুহাগরাত’ ঘিরে তুমুল নাটক!- জানুন ঘটনা

উত্তরপ্রদেশের রামপুর জেলার এক গ্রামে বিয়ের প্রথম রাতে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা, যা ‘সুহাগরাত’-কে পরিণত করল নাটকীয়তায়! বর তার নববিবাহিত স্ত্রীকে উপহার দিল একটি প্রেগন্যান্সি টেস্ট কিট, আর তাতেই অগ্নিশর্মা হয়ে কনে ফোন করলেন বাবাকে। তীব্র হট্টগোল, গ্রামের পঞ্চায়েত ও অবশেষে বরের ক্ষমা চাওয়ার মধ্যে দিয়ে ঘটনার মোড় যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানালো!
ঘটনার সূত্রপাত হয় বিয়ের পর। নববধূ ক্লান্তি ও গরমের কারণে কিছুটা অসুস্থ বোধ করেন এবং মাথা ঘোরার কথা জানান। বর তার কিছু বন্ধুকে এই কথাটি বললে, বন্ধুরা ঠাট্টাচ্ছলে মন্তব্য করে যে এটি প্রেগন্যান্সির লক্ষণও হতে পারে। বন্ধুদের এই ‘মজার’ কথা বরের মনে ‘সন্দেহ’ তৈরি করে। এই সন্দেহ থেকেই বর স্থানীয় মেডিকেল স্টোর থেকে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট সংগ্রহ করেন এবং প্রথম রাতে সেটি কনেকে দেন।
বরের এমন অপ্রত্যাশিত আচরণে কনে সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি মুহূর্ত দেরি না করে নিজের পরিবারের লোকজনকে ফোন করেন এবং জানান যে, তার স্বামী তাকে সন্দেহ করছে এবং অপমান করেছে। কিছুক্ষণের মধ্যেই দুই পরিবারের সদস্যরা শ্বশুরবাড়িতে এসে উপস্থিত হন। শুরু হয় তীব্র বাকবিতণ্ডা ও উত্তেজনা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গ্রামের প্রবীণ ব্যক্তিরা এগিয়ে আসেন এবং একটি পঞ্চায়েত বসানো হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই আলোচনা।
শেষ পর্যন্ত বর তার ভুল স্বীকার করে কনের কাছে ক্ষমা চান। তিনি বলেন, “আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। বন্ধুরা বলেছিল, আমিও ভেবেছিলাম মাথা ঘোরার কারণ অন্য কিছু হতে পারে।” বরের এই স্বীকারোক্তি এবং ক্ষমাপ্রার্থনার পর কনের পরিবারও ধীরে ধীরে শান্ত হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। এই বিচিত্র ঘটনা এখন গ্রামের মুখে মুখে ঘুরছে।