বিয়ের ছবিতে রহস্যময় অচেনা অতিথি, ৪ বছর ধরে পরিচয় খুঁজে অবশেষে চমকে দেওয়া উত্তর পেলেন নববধূ!

বিয়ের দিনে আনন্দের মুহূর্তগুলো ফ্রেমবন্দি হয় ছবি আর ভিডিওতে। আর সেই ছবিগুলোই থেকে যায় আজীবনের স্মৃতি হয়ে। কিন্তু স্কটল্যান্ডের এক নববধূর ক্ষেত্রে সেই ছবিই তৈরি করেছিল এক দীর্ঘ ৪ বছরের রহস্য। বিয়ের ছবিতে এক অপরিচিত ব্যক্তির উপস্থিতি তাকে এবং তার পরিবারকে চিন্তায় ফেলে দিয়েছিল। অবশেষে সেই রহস্যের জট খুলেছে, আর তার পেছনের কারণ জেনে সকলেই বিস্মিত।

২০২১ সালে স্কটল্যান্ডের দক্ষিণ আয়রশায়ারে মিশেল ও জন-এর বিয়ে হয়। বিয়ের পর ছবির অ্যালবাম দেখতে গিয়ে মিশেল লক্ষ্য করেন, একটি ছবিতে পিছনের সারিতে এক অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তিনি বর বা কনে, কোনো পক্ষেরই পরিচিত নন। মিশেল তার পরিবার, বন্ধু-বান্ধব এমনকি ইভেন্ট ম্যানেজারকেও জিজ্ঞেস করেন, কিন্তু কেউই ওই ব্যক্তিকে চিনতে পারেননি।

এই রহস্যের জট খুলতে মিশেল ও তার স্বামী ৪ বছর ধরে চেষ্টা চালিয়ে যান। তারা সোশ্যাল মিডিয়ায় সেই ছবিটি পোস্ট করে জানতে চান কে এই ব্যক্তি। অবশেষে সেই পোস্টের মাধ্যমেই উত্তর আসে। ছবির সেই ব্যক্তি, অ্যান্ড্রু হিলহাউস, নিজেই সামনে আসেন এবং জানান তার আসল পরিচয়।

অ্যান্ড্রু জানান, সেদিন তার অন্য একটি বিয়েতে যাওয়ার কথা ছিল। কিন্তু তাকে ভুল করে অন্য একটি হোটেলের ঠিকানা দেওয়া হয়েছিল। অ্যান্ড্রু শুধু বর-কনেকেই চিনতেন, তাই তিনি যখন ভুল হোটেলে পৌঁছান, সেখানেও তিনি কাউকে চিনতে পারেননি। কিন্তু তার ছবি তোলার আগেই তিনি টের পান যে তিনি ভুল জায়গায় এসেছেন। এই অপ্রত্যাশিত ভুল থেকেই মিশেলের বিয়ের ছবিতে তার ছবি উঠে আসে।

৪ বছরের এই রহস্যের এমন অদ্ভুত সমাধান হওয়ায় মিশেল এবং তার স্বামী অবশেষে স্বস্তি পান। এই মজার এবং চমকপ্রদ ঘটনাটি যুক্তরাজ্যের বিখ্যাত সংবাদমাধ্যম ‘দ্য মেট্রো’-তে প্রকাশিত হওয়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।