বিমান ছাড়ার আগে ‘বিশেষ ঘোষণা, ‘কো-ক্যাপ্টেন রুডির চমক! গঙ্গাযমুনা দর্শন করালেন উড়ন্ত বিমান থেকেই

বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডি সম্প্রতি পাটনা-দিল্লিগামী ইন্ডিগো (IndiGo) ফ্লাইটে তাঁর অনন্য ইন-ফ্লাইট ঘোষণার মাধ্যমে যাত্রীদের মুগ্ধ করেছেন। ভ্রমণ সংক্রান্ত তথ্য এমন কৌতূহলোদ্দীপক ভঙ্গিতে শেয়ার করার তাঁর স্টাইল যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। এই ফ্লাইটেরই এক যাত্রী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, যিনি এই “অভূতপূর্ব” অভিজ্ঞতার জন্য রুডিকে ধন্যবাদ জানান।
‘পাটনা থেকে দিল্লি ফ্লাইটটি ছিল অবিস্মরণীয়’
এক্স (X)-এ (পূর্বে ট্যুইটার) নিজের এই অভিজ্ঞতা শেয়ার করে শিবরাজ সিং চৌহান লেখেন, “রাজীব জি, আজ আপনি আমাদের মন জয় করলেন…” তিনি যোগ করেন, “পাটনা থেকে দিল্লির আজকের ফ্লাইটটি আমার জন্য ভোলার নয়, কারণ এই ফ্লাইটের কো-ক্যাপ্টেন ছিলেন আমার প্রিয় বন্ধু, বর্ষীয়ান রাজনীতিবিদ এবং ছাপড়ার সাংসদ, শ্রী রাজীব প্রতাপ রুডি জি।”
শিবরাজ সিং চৌহান বিস্তারিতভাবে জানান, রুডি কীভাবে ঘোষণাটিকে বিশেষ করে তুলেছিলেন। তিনি লেখেন, “মেঘেদের মধ্যে দিয়ে, আজ আমরা দিল্লি যাত্রা শুরু করব। পথে বারাণসী হয়ে যাব। তারপর বাম দিকে প্রয়াগরাজ এবং ডান দিকে লখনউ দেখা যাবে। গঙ্গা ও যমুনা নদীর ঝলক দেখতে দেখতে আমরা দিল্লি পর্যন্ত যাত্রা শেষ করব, এবং ল্যান্ডিংয়ের সময় মেঘ না থাকলে নয়ডার বহুতল আলোও দেখতে পাব।”
চৌহান রুডির সরল এবং আকর্ষণীয় স্টাইলের প্রশংসা করেন। তিনি আরও বলেন, “আপনার এই স্টাইল সত্যিই অনন্য ছিল। শেষে যখন আপনি যাত্রীদের একটি আনন্দদায়ক এবং সফল যাত্রার জন্য করতালি দিতে বললেন, তাতে এক বিশেষ আন্তরিকতার স্পর্শ ছিল। সত্যি, এই অভিজ্ঞতাটি ছিল চমৎকার ও নজিরবিহীন।” ব্যস্ততার মধ্যেও নিজের প্রতিভা ধরে রাখার জন্য রুডির প্রশংসা করে চৌহান তাঁর এই “স্মরণীয় যাত্রার” জন্য ধন্যবাদ জানান। তিনি রুডির সঙ্গে তোলা একাধিক ছবি ও তাঁকে লেখা একটি হাতে লেখা নোটও শেয়ার করেন।