বিপদে পাশে পেলেন বিজেপি বিধায়ককে! প্রবীণ গায়ক কবীর সুমনের কোন অভিজ্ঞতায় ওলটপালট রাজনৈতিক সমীকরণ?

রাজনীতির ময়দানে কবীর সুমনের অবস্থান বরাবরই স্বতন্ত্র এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। গান, লেখালিখি এবং সাংস্কৃতিক পরিসরের পাশাপাশি ২০০৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে যাদবপুর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে দলের সঙ্গে তাঁর একাধিক মতপার্থক্য প্রকাশ্যে আসে এবং রাজনীতি থেকে দূরত্ব বাড়ান। তবে এবার সেই কবীর সুমনেরই একটি ভিডিও পোস্টকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কবীর সুমনের একটি ভিডিও শেয়ার করেছেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিও শেয়ার করে পাপিয়া লেখেন, “এই জন্যই পাল্টেছে, BJP এসেছে। আমরা আপনার পাশে। আমরা আপনাদের সেবায়। আপনাদের সাথেই।”
ভিডিওতে কবীর সুমন নিজের পরিচয় দিয়ে জানান, তিনি ১৯ নম্বরের যে বাড়িতে থাকেন, তা ১০০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। তাঁর বাড়ির পাশের একটি লম্বা গাছ সময়মতো না ছাঁটাই করায় ঝড়-বৃষ্টির সময়ে বিদ্যুৎবাহী তারের উপর পড়ার মারাত্মক আশঙ্কা তৈরি হয়েছিল। স্থানীয় প্রাক্তন কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে না পেরে এবং নতুন সরকারের কাউকেও ব্যক্তিগতভাবে না চিনে, তিনি শেষ পর্যন্ত এক পরিচিত ব্যক্তির মাধ্যমে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বর্তমান বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর হোয়াটসঅ্যাপ নম্বর সংগ্রহ করেন। সুমনের দাবি, কোনও পূর্ব পরিচয় না থাকা সত্ত্বেও বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হন বিধায়ক। পুরসভার সঙ্গে যোগাযোগ করে উঁচু গাড়ির ব্যবস্থা করে বিপজ্জনক গাছটি সম্পূর্ণ কেটে ফেলা হয় এবং ডালপালা ও আবর্জনাও পরিষ্কার করা হয়।
এর পাশাপাশি তাঁর বাড়ির রাস্তার আলো বিকল হয়ে গেলে, সায়ন্তন সান্যাল নামের এক বিজেপি কর্মীর সহায়তায় মাত্র এক দিনের মধ্যে সেই সমস্যারও স্থায়ী সমাধান করা হয় বলে জানান তিনি। এই পুরো অভিজ্ঞতা থেকে এলাকার সামগ্রিক পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন কবীর সুমন। তাঁর মতে, বর্তমান প্রশাসনের আমলে স্থানীয় স্তরে জঞ্জাল অপসারণ, জল সরবরাহ এবং বিদ্যুৎ পরিষেবা নিয়মিত পাওয়া যাচ্ছে। ভিডিওর শেষ অংশে নিজের বয়সের কথা উল্লেখ করে সুমন জানান, ব্যক্তিগতভাবে তাঁর খুব বেশি চাওয়া-পাওয়া নেই, তবে এলাকার এই নাগরিক পরিষেবাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিধায়ক পাপিয়ার উদ্দেশে তাঁর মন্তব্য, এই কাজ তাঁর একার জন্য নয়, বরং গোটা পাড়ার জন্য করা হয়েছে যা তিনি আজীবন মনে রাখবেন। উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ৮৮,৪০৭ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন পাপিয়া অধিকারী। রাজনীতির পুরনো অধ্যায় ও বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে এই ঘটনা রাজনৈতিক মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।