বিধানসভা ভোটের আগে বিজেপিতে ভাঙন! সোনারপুরে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে প্রভাবশালী পঞ্চায়েত সদস্য কার্তিক সরদার

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়ে গেল দলবদলের পালা। এবার রাজনৈতিক পালাবদলের সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর। প্রতাপনগর পঞ্চায়েতের প্রভাবশালী বিজেপি সদস্য কার্তিক সরদার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। রবিবার রাজপুর রবীন্দ্রভবনে আয়োজিত বিজয়া সম্মিলনী মঞ্চে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁকে স্বাগত জানান।

এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র, ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস এবং সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বারিক সহ দলের একাধিক জনপ্রতিনিধি ও কর্মী।

দলবদলের পর বিধায়ক লাভলী মৈত্র বলেন, “তৃণমূল শক্তিশালী, কারণ দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পথ দেখান। কার্তিক সরদারের মতো নেতার যোগদান সেই পথেই আরও জোর দেবে।” অন্যদিকে, সদ্য শাসকদলে যোগদানকারী কার্তিক সরদার বলেন, “এলাকার উন্নয়নের স্বার্থে আমি তৃণমূলের উপরই বেশি ভরসা পাচ্ছি।”

বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে ডাকাবুকো এই বিজেপি নেতার ঘাসফুল শিবিরে যোগ দেওয়া রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। এমনিতেই দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর, বারুইপুর সহ এই এলাকাটি শাসকদলের ‘খাসতালুক’ বলেই পরিচিত। সেখানেই এবার দল ভাঙল বিজেপির, যা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করল।