বিজেপি নেত্রীর ‘হানিট্র্যাপ’ ফাঁদ, আসবাবপত্র ব্যবসায়ীকে আটকে নগ্ন ভিডিও তুলে ১০ লক্ষের দাবি!

মধ্যপ্রদেশের মোরেনায় এক ভয়াবহ হানিট্র্যাপ চক্রের পর্দাফাঁস করল পুলিশ। এই চক্রের মূল হোতা বিজেপি নেত্রী সোনম কুশওয়াহা। ১০ মে জৌরা এলাকার এক আসবাবপত্র ব্যবসায়ী রমেশ শিবহারেকে এসি মেরামতির অছিলায় পেট্রোল পাম্পে ডেকে নিয়ে গিয়ে জিম্মি করা হয়। সেখানে সোনম এবং তার সঙ্গীরা মিলে ব্যবসায়ীকে নৃশংস মারধর করে এবং তাকে বাধ্য করে অশ্লীল ভিডিও রেকর্ড করতে।
ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছে ১০ লক্ষ টাকা দাবি করে এই চক্র। শুধু তাই নয়, ব্যবসায়ীর থেকে নগদ অর্থ ও সোনার আংটিও লুঠ করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন সোনম। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কৈলারাসগামী একটি বাসে তল্লাশি চালিয়ে সিনেমার মতো কায়দায় তাঁকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে চুরি করা সোনার আংটিটি উদ্ধার করা হয়েছে।
জৌরা এসডিওপি নিতিন বাঘেল জানিয়েছেন, অভিযুক্তের দলের বাকি সদস্যদের আগেই গ্রেফতার করা হয়েছিল। সোনমকে জেরা করে পুলিশ এখন জানার চেষ্টা করছে, এই ব্ল্যাকমেলের মাধ্যমে আরও কতজনকে তারা টার্গেট করেছিল। বর্তমানে সোনমকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।