বিজেপিতে বড় ভাঙন! জয়নগরে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন ১৯০০ কর্মী

রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলবদলের রাজনীতিতে বড়সড় চমক। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে বিজেপিতে বড়সড় ভাঙন ধরিয়ে প্রায় ১৯০০ কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের হাত ধরে এই বিপুল সংখ্যক বিজেপি কর্মী আনুষ্ঠানিকভাবে রাজ্যের শাসকদলের পতাকা হাতে তুলে নিলেন।
জয়নগর দুই নম্বর ব্লকের মায়া হাউরি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির সংগঠন বেশ শক্তিশালী ছিল। এমনকি গত বিধানসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই এলাকায় এসে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করেছিলেন। এবার সেই মায়া হাউরি অঞ্চল থেকেই বুথ স্তরের নেতাসহ প্রায় ১৯০০ বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।
তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস দাবি করেছেন, বিজেপির কর্মী-সমর্থকরা বুঝতে পেরেছেন যে তাঁরা ভুল পথে পরিচালিত হয়েছিলেন, তাই তাঁরা তৃণমূলে যোগদান করেছেন। অন্যদিকে, বিজেপিতে থেকে তৃণমূলে আসা কর্মীদের অভিযোগ, বিজেপি দীর্ঘ দিন ধরে শুধু প্রতিশ্রুতি দিয়ে আসছে, কিন্তু কোনো প্রতিশ্রুতিই বাস্তবায়িত হয়নি। এই হতাশা থেকেই তাঁরা দলবদল করার সিদ্ধান্ত নিয়েছেন।
এই ঘটনা আসন্ন নির্বাচনের আগে জয়নগর এলাকার রাজনৈতিক সমীকরণে একটি বড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।