বিছানা থেকে উঠতে পারতেন না , কথাও জড়িয়ে যেত! অ্যামিবার আক্রমণ ঠেকিয়ে সুস্থ হয়ে ফিরলেন শ্রীরামপুরের প্রবীর

মস্তিষ্কে অ্যামিবার বিরল সংক্রমণের শিকার হয়েও সুস্থ হয়ে উঠেছেন হুগলির শ্রীরামপুরের বাসিন্দা প্রবীর কর্মকার (৫৬)। পেশায় কল মিস্ত্রি এই প্রৌঢ় বর্তমানে নিজের বাড়িতেই রয়েছেন। পুরোপুরি সুস্থ না হলেও, শারীরিক দুর্বলতা কাটিয়ে আগের থেকে অনেকটাই ভালো আছেন তিনি।

জানা গেছে, গত এক বছরেরও বেশি সময় ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন প্রবীরবাবু। গত এপ্রিল মাসে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ঘনঘন জ্ঞান হারানো এবং হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলার মতো লক্ষণ দেখা দিলে তাকে প্রথমে শিশু মঙ্গল হাসপাতাল এবং পরে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।

দুই মাস ধরে চিকিৎসার পর চিকিৎসকরা জানতে পারেন যে, প্রবীরবাবুর মস্তিষ্কে এক কোষী অ্যামিবা বাসা বেঁধেছে। তার স্ত্রী পম্পা কর্মকার জানান, “আমরা প্রথমে কিছুই বুঝতে পারিনি। চিকিৎসকেরা জানান, মস্তিষ্কে অ্যামিবার সংক্রমণের কারণেই এই অসুস্থতা।” চিকিৎসা চলাকালীন প্রবীরবাবুর কথা জড়িয়ে যেত এবং তার কোনো জ্ঞান থাকত না।

তবে সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ায় এখন তিনি অনেকটাই সুস্থ। নিজে থেকে সবার সঙ্গে কথা বলছেন এবং হাঁটাচলাও করছেন। যদিও চিকিৎসকেরা তাকে টাইম কলের জল ব্যবহার করতে নিষেধ করেছেন। উল্লেখ্য, কেরলে এই ‘ব্রেন ইটার’ অ্যামিবার সংক্রমণে অনেকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বাংলাতেও এই ধরনের সংক্রমণ দেখা যাচ্ছে।