প্রচারে লজেন্স কুড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! কলকাতার হাসপাতালে মৃত্যু ৬ বছরের শিশুর

রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার চলাকালীন গাড়ি থেকে ছোড়া লজেন্স কুড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ৬ বছরের এক শিশুর। মৃতের নাম জাসমিনা খাতুন। পরিবারের অভিযোগ, রবিবার প্রচারের সময় গাড়ি থেকে শিশুদের উদ্দেশে চকলেট ছোড়া হচ্ছিল। সেই লজেন্স কুড়াতে গিয়ে মাটিতে পড়ে গুরুতর জখম হয় শিশুটি।

প্রথমে তাকে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতার আত্মীয় ইউসুফ শেখের অভিযোগ, বাজনার আওয়াজে শিশুরা ছুটে গিয়েছিল এবং গাড়ি থেকে ছোড়া চকলেট কুড়াতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।

ঘটনা প্রসঙ্গে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী শফিউজ্জামান শেখ জানান, শিশুদের জন্যই চকলেট ছোড়া হয়েছিল, তবে ঠিক কী ঘটেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, প্রচারের সময় দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে শাসকদলকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। এই অনভিপ্রেত দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।