বামেদের ‘আজ়াদি’ স্লোগানের পাল্টা ‘ফ্রি পিওকে’! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেওয়াল দখল ঘিরে তুঙ্গে সংঘাত

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) দেওয়াল দখল এবং স্লোগান যুদ্ধকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল ছাত্র রাজনীতি। বামেদের স্লোগানের পাল্টা হিসেবে এবার বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারের দেওয়ালে ‘ফ্রি পিওকে’ (Free POK), ‘অখণ্ড ভারত’ ও ‘ফ্রি আকসাই চিন’ এর মতো স্লোগান লিখে জোরালো আক্রমণ শানাল এবিভিপি (ABVP)।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখন নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি ছিল, ক্যাম্পাসে কোনও ধরনের দেশবিরোধী বা রাষ্ট্রবিরোধী স্লোগান বরদাস্ত করা হবে না। সেই নির্দেশ মতো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে দেওয়ালের সমস্ত পুরনো গ্রাফিটি ও লেখা মুছে ফেলা হয়েছিল। কিন্তু তার পরেও এসএফআইয়ের তরফ থেকে নতুন করে দেওয়াল লেখা শুরু হয়। আর এবার তার জবাবি পদক্ষেপে ময়দানে নেমে পড়েছে পদ্মশিবিরের ছাত্র সংগঠনটি।

এসএফআইয়ের আগের স্লোগানগুলিতে সাদা চুনকাম করে তার উপরেই এবিভিপি-র পক্ষে লেখা হয়েছে— ‘ফ্রি পিওকে’, ‘পিওকে নিয়ে কেন মৌনতা?’, ‘অখণ্ড ভারত’, ‘ফ্রি আকসাই চিন’ এবং ‘লং লিভ এবিভিপি’। এই পালটা দেওয়াল লিখন প্রসঙ্গে এবিভিপি শিবিরের দাবি, এটি জাতীয়তাবাদ ও রাষ্ট্রবাদের পক্ষে এক বিশাল ইতিবাচক বার্তা বহন করছে। যাদবপুরের মাটিতে জাতীয়তাবাদী ছাত্র-ছাত্রীরা সংঘটিত হচ্ছে এবং বন্দেমাতরম ধ্বনিকে আরও জোরালো করে তুলছে।

অন্যদিকে, এই ঘটনায় এসএফআই নেতা শুভজিৎ সরকার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এটা তো ভালো। যার যেটা মত, সে সেটা লিখবে। আমরা আমাদের দেওয়ালে লিখব, ওরা ওদের দেওয়ালে লিখবে। এতে তো কোনও অসুবিধা নেই।” দেওয়াল মোছার বদলে তাত্ত্বিক ও রাজনৈতিক লড়াইয়ের ময়দানেই এই দ্বৈরথ সীমাবদ্ধ রাখার পক্ষে সওয়াল করেছে বাম শিবির। সব মিলিয়ে, যাদবপুর ক্যাম্পাসে এই নতুন রাজনৈতিক চাপানউতোর ঘিরে উত্তেজনা তুঙ্গে।