বাজির সলতেতেই তুলকালাম! কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটা থেকে কাঁথি, ৩ জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আলোর উৎসব কালীপুজোর আনন্দঘন মুহূর্তের মাঝেই ঘনাল কালো মেঘ। রবিবার সন্ধ্যায় রাজ্যের তিন পৃথক প্রান্তে পরপর তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। কলকাতার বেলেঘাটা, পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং উত্তর ২৪ পরগনার টিটাগড়ে আগুনে ব্যাপক ভীতি ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
টিটাগড়ে রকেট বাজি থেকেই বিপর্যয়?
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় টিটাগড়ে। স্থানীয় সূত্রে খবর, একটি গুদাম থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত পাশের একাধিক বাড়িতে ছড়িয়ে পড়ে। গুদামের ভেতর পুড়ে ছাই হয়ে যায় প্রচুর সামগ্রী।
বাসিন্দাদের প্রাথমিক অনুমান, কালীপুজোর রাতে আকাশে ছোড়া একটি জ্বলন্ত আতশবাজি (রকেট বাজি) দুর্ঘটনাবশত গুদামের ভেতরে ঢুকে পড়াতেই এই বিপত্তি ঘটে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন এবং বিশাল পুলিশ বাহিনী। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে।
কাঁথির বাইক শোরুমে অগ্নিকাণ্ড: পুড়ে খাক ৪০টি নতুন বাইক
একই সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে একটি বাইকের শোরুমে আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাস করে নেয় পুরো শোরুমটিকে। শোরুম কর্তৃপক্ষের দাবি, আগুনে অন্তত ৪০টি নতুন বাইক সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এর ফলে কোটি টাকার বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ী।
ঘটনার খবর পেয়ে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন এবং দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছান কাঁথির বিধায়ক তথা রাজ্যের সেচ ও জলপথ বিভাগের মন্ত্রী অরূপকুমার দাস। তিনি জানান, ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল।
বেলেঘাটায় ছড়াল আতঙ্ক, স্তব্ধ যান চলাচল
অন্য দিকে, কলকাতার বেলেঘাটা মেন রোডের একটি দোতলা বাড়ি থেকে রবিবার সন্ধ্যায় হঠাৎই ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। দেখতে দেখতে ঘরের ভেতর থেকে দাউদাউ করে আগুনের শিখা বের হতে শুরু করে। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক।
প্রথমে দমকলের একটি ইঞ্জিন পৌঁছালেও আগুনের তীব্রতা দেখে পরবর্তীতে আরও ২টি ইঞ্জিন আনা হয়। মোট ৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন বাগে আনা সম্ভব হয়।
দমকলের দাবি, অগ্নিকাণ্ডের সময়ে বাড়িটিতে কেউ না থাকায় বড়সড় প্রাণহানির আশঙ্কা এড়ানো গেছে। শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে কি না, তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকেরা। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বেলেঘাটা মেন রোডে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়।