“আমাকে মেরে ফেলবেন না…”, NRS-এর ডাক্তারের দেহ উদ্ধারের আগে WhatsApp-এ বিস্ফোরক বার্তা! খুনের চক্রান্ত?

নীলরতন সরকার (NRS) মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক তরুণ চিকিৎসকের রহস্যজনক দেহ উদ্ধার ঘিরে রাজ্যজুড়ে চরম চাঞ্চল্য তৈরি হয়েছে। নাগেরবাজারের একটি হোস্টেল থেকে অভিজিৎ সরকার নামে ওই চিকিৎসকের নিথর দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর ঠিক আগে তাঁর হোয়াটসঅ্যাপ স্টেটাসে দেওয়া বেশ কিছু বার্তা ও পোস্টকে কেন্দ্র করে ঘটনার পেছনে বড় কোনো রহস্য ও চক্রান্তের গন্ধ পাচ্ছেন তদন্তকারীরা।
২০১৮ সালে এনআরএস মেডিক্যাল কলেজ থেকে সফলভাবে এমবিবিএস পাশ করার পর অভিজিৎ সেখানে হাউসস্টাফ হিসেবে কর্মরত ছিলেন। কর্মসূত্রে তিনি নাগেরবাজার এলাকার একটি হোস্টেলে থাকতেন। পরিবারের অভিযোগ, গত রবিবার হঠাৎই তাঁদের খবর দেওয়া হয় যে অভিজিতের দেহ উদ্ধার করা হয়েছে। তড়িঘড়ি তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, অভিজিৎকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। মৃত্যুর আগে তরুণ চিকিৎসক হোয়াটসঅ্যাপে লেখেন, “আমি আর পেরে উঠছি না।” অন্য একটি বার্তায় তিনি লেখেন, “আমাকে এই খারাপ পরিস্থিতি থেকে উদ্ধার করুন। কিছু মানুষের আচরণে আমি ভয়ে আছি, তারা কোনো ক্ষমতাবান ব্যক্তি। আমার সুরক্ষা প্রয়োজন।” এমনকি এক জায়গায় তিনি লেখেন, “আমাকে মেরে ফেলবেন না, মৃত্যু চাইলে ঘুমের ওষুধ দিন।”
অভিজিতের পরিবারের স্পষ্ট দাবি, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং নিজের জীবনের ঝুঁকির কথা আগেই জানিয়েছিলেন। পুলিশ ইতিমধ্যেই হোস্টেলের ঘর ও মোবাইল বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে।