বাজার কাঁপাতে আসছে মাহিন্দ্রার ৩ নতুন দানব! বোমার মতো ফাটবে পিকআপ ও ইলেকট্রিক এসইউভি

ভারতের গাড়ির বাজারে ফের বড়সড় ঝড় তুলতে চলেছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা (Mahindra)। ২০২৭ সালের জুনের মধ্যে তারা ভারতীয় বাজারে নিয়ে আসতে চলেছে তিনটি সম্পূর্ণ নতুন মডেলের শক্তিশালী গাড়ি। এই সম্ভাব্য তালিকায় রয়েছে তুমুল চর্চিত স্করপিও লাইফস্টাইলার (Scorpio Lifestyler) পিকআপ, ভীষণ জনপ্রিয় ভিশন এস (Vision S) কনসেপ্টের প্রোডাকশন সংস্করণ এবং বিই ০৭ (BE 07) অল-ইলেকট্রিক এসইউভি। সম্প্রতি সংস্থার Q2 FY27 আর্থিক পর্যালোচনার সাংবাদিক বৈঠকে অটো ও ফার্ম সেক্টরের সিইও রাজেশ জেজুরিকর স্পষ্ট জানিয়েছেন, ২০২৭ সালের প্রথম ছয় মাসের মধ্যেই তাদের পাঁচটি বড় গাড়ি লঞ্চ করার চূড়ান্ত পরিকল্পনা রয়েছে, যার মধ্যে যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে ইলেকট্রিক এবং লাইট কমার্শিয়াল ভেহিকেলও (LCV) শামিল থাকবে।

মাহিন্দ্রার নতুন উদ্ভাবন ‘NU_IQ’ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি হতে চলেছে ভিশন এস-এর প্রোডাকশন ভার্সন। এই চার মিটার দৈর্ঘ্যের নিচের এসইউভিটি লাইনে XUV 3XO-এর ঠিক ওপরে জায়গা পাবে। টেস্ট মডেল অনুযায়ী এতে পাওয়া যাবে বক্সি ডিজাইন, প্যানোরামিক সানরুফ, ফ্ল্যাশ ডোর হ্যান্ডেল এবং ১০.২৫ ইঞ্চির ইনফোটেনমেন্ট সিস্টেম। এই বিশেষ প্ল্যাটফর্মে পেট্রল, ডিজেল, হাইব্রিড এবং ইভি চার ধরনের ইঞ্জিনই ব্যবহার করা সম্ভব। অন্যদিকে, ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে মাহিন্দ্রার বাজিমাত হতে চলেছে ‘BE 07’। INGLO প্ল্যাটফর্মে নির্মিত ৫-সিটার এই প্রিমিয়াম ইভিতে থাকবে তিনটি স্ক্রিনযুক্ত আধুনিক ড্যাশবোর্ড, গ্লাস রুফ, অ্যাডভান্সড লেভেল ২ ADAS এবং ৫৯ kWh ও ৭৯ kWh-এর শক্তিশালী ব্যাটারি প্যাক। বাজারে এলে এটি টাটা হ্যারিয়ার ইভি ও বাইড অটো ৩-কে জোর টক্কর দেবে।

এই তালিকার সবচেয়ে বড় চমক হলো ‘স্করপিও লাইফস্টাইলার’ পিকআপ। স্করপিও এন-এর চ্যাসিসে তৈরি এই লাইফস্টাইল পিকআপ গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হতে পারে ১৯.৭৯ লক্ষ টাকার নিচে। এতে থাকবে ১৭৫hp ক্ষমতার ২.২ লিটার ডিজেল এবং ২০৩hp ক্ষমতার ২.০ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন, সঙ্গে ফোর-হুইল ড্রাইভ (4WD)-এর বিকল্প। গাড়ির ঢল সামলাতে মাহিন্দ্রা তাদের উৎপাদন ক্ষমতা বাড়িয়ে প্রতি মাসে ৮২ হাজার ইউনিট করার লক্ষ্যমাত্রা নিয়েছে।