ছাঁটাই নয়, নিজেরাই চাকরি ছাড়ুক কর্মীরা! বিরাট টেক জায়ান্টে শুরু হল ‘স্বেচ্ছায় বিদায়’ মহামারী!

কোভিড অতিমারির সময় যখন বিশ্বজুড়ে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু হয়েছিল, তখন সেটাই রাতারাতি প্রযুক্তিক্ষেত্রে নতুন ‘নিউ নরমাল’ হয়ে উঠেছিল। কিন্তু সেই কঠিন অধ্যায়ের প্রায় ছয় বছর পর আইটি দুনিয়ায় আছড়ে পড়েছে আরও এক চাঞ্চল্যকর নতুন ‘নিউ নরমাল’, যার নাম ‘ভলেন্টিয়ারি লে অফ’ বা স্বেচ্ছায় চাকরি ছাড়ার কর্মসূচি। সম্প্রতি টেক জায়ান্ট মাইক্রোসফট এই পদক্ষেপ গ্রহণ করে আইটি মহলে আলোড়ন সৃষ্টি করেছিল। এবার ঠিক একই হাঁটল বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলও। সংস্থার এই নজিরবিহীন সিদ্ধান্তে চিন্তার ভাঁজ পড়েছে বিশ্বজুড়ে কর্মরত লাখ লাখ প্রযুক্তিবিদের কপালে।

মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির গবেষণায় বিপুল অর্থ বিনিয়োগের ক্রমবর্ধমান খরচ সামলাতেই কর্মীদের স্বেচ্ছায় কোম্পানি ছাড়ার প্রস্তাব দিয়েছে গুগল। এর জন্য কর্মীদের আকর্ষক আর্থিক ক্ষতিপূরণ বা সেভারেন্স প্যাকেজের টোপ দেওয়া হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে কানাডা, ফ্রান্স, জাপান, জার্মানি ও সুইজারল্যান্ড—এই পাঁচটি শীর্ষ দেশের গুগল কর্মীদের জন্য এই নিয়ম কার্যকর করা হয়েছে। সংস্থা সূত্রে জানা গেছে, গত ২০২৫ সালের শুরুর দিকে গুগলের নির্দিষ্ট কয়েকটি বিভাগে এই স্বেচ্ছা অবসর কর্মসূচি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। পরবর্তীতে জুন মাসে আরও একাধিক দেশে তা সম্প্রসারণ করা হয়। তবে কতজন কর্মী এই আকর্ষণীয় অফার গ্রহণ করেছেন, সেই পরিসংখ্যান এখনও স্পষ্ট করেনি সংস্থা।

তবে গুগলের সব বিভাগে এই নিয়ম প্রযোজ্য হচ্ছে না। সংস্থার অতি-গুরুত্বপূর্ণ এআই গবেষণা বিভাগ ‘Deepmind’ এবং ‘Google Cloud’-কে আপাতত এই স্বেচ্ছায় বিদায় কর্মসূচির বাইরে রাখা হয়েছে। কারণ, এআই ও ক্লাউড প্রযুক্তিকে আরও শক্তিশালী করতে এই দুই বিভাগে বরং নতুন কর্মী নিয়োগ ও পরিকাঠামো উন্নয়নের ওপর জোর দিচ্ছে টেক সংস্থাটি। অর্থাৎ একতরফা খরচ ছাঁটাই নয়, বরং অনাবশ্যক বিভাগ থেকে কর্মী কমিয়ে এআই এবং ক্লাউড প্রযুক্তিতে বিপুল অর্থ বিনিয়োগের ব্যালান্স বজায় রাখাই কোম্পানির মূল লক্ষ্য।

ইতিমধ্যে সুইজারল্যান্ডে এই কর্মসূচির প্রত্যক্ষ প্রভাব দেখা গেছে। সুইজারল্যান্ডে গুগলের প্রায় ৫,০০০ কর্মী রয়েছেন এবং জুরিখে রয়েছে তাদের বিরাট ইঞ্জিনিয়ারিং সেন্টার। সেখানকার প্যাকেজ অনুযায়ী, সংস্থায় কাজ করার প্রতি এক বছরের বিনিময়ে কর্মীদের এক মাসের বেতন দেওয়া হচ্ছে, যার সর্বোচ্চ সীমা রাখা হয়েছে ১২ মাসের বেতন। সূত্রের খবর, সেখানকার একটি ৫০ জনের টিমে গড়ে ৪ জন কর্মী ইতিমধ্যেই গুগলের এই বিদায় প্যাকেজ গ্রহণ করেছেন।