বাইশ গজে ইতিহাস গড়ল নেপাল! দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টিতে প্রথম জয় পেল রোহিত পাউডেলের দল!

হিমালয়ের কোলে ছোট্ট দেশটি এবার বাইশ গজে ইতিহাস লিখল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে চমকে দিল রোহিত পাউডেল অ্যান্ড কোম্পানি। শুধু চমক নয়, এই প্রথমবার আইসিসি’র পূর্ণসদস্য কোনো দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচে জিতে ইতিহাস গড়ল নেপাল।
শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নেপাল। জয় বাদ দিলেও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেপালের এই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সেদেশের ক্রিকেটের জন্য এমনিতেই ঐতিহাসিক; কারণ এই প্রথম কোনো পূর্ণসদস্য দেশের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে অংশগ্রহণ করছে তারা।
অধিনায়ক রোহিতের ব্যাটে পুঁজি ১৪৮ রান
শারজায় এদিন প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৮ রান তোলে নেপাল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডারের ২০ রানে চার উইকেট এবং নভীন বিডাইসির ২৯ রানে তিন উইকেটের সামনেও নেপাল একটি চ্যালেঞ্জিং রান তুলতে সক্ষম হয়।
নেপালের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক রোহিত পাউডেল। তাঁর ব্যাট থেকে আসে ৩৫ বলে ৩৮ রানের মূল্যবান ইনিংস (তিনটি চার, একটি ছয়)।
অধিনায়কের পাশাপাশি ২১ বলে ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কুশল মাল্লা, যা নেপালের ইনিংস দেড়শোর দোরগোড়ায় পৌঁছে দেয়।
বল হাতে কুশল ভুরতেলের কামাল
ব্যাটারদের জোগাড় করে দেওয়া পুঁজি রক্ষা করে ঐতিহাসিক সিরিজের শুরুটা এদিন স্মরণীয় করে রাখলেন নেপাল বোলাররা। নেপাল বোলারদের সামনে ইনিংস লম্বা করতে পারেননি কোনো ক্যারিবিয়ান ব্যাটার। সর্বোচ্চ ২৫ বলে ২২ রান আসে নভীনের ব্যাটে।
উল্টোদিকে বল হাতে নেপালের জয়ের নায়ক কুশল ভুরতেল। এই লেগস্পিনার ১৭ রান দিয়ে নেন জোড়া উইকেট। তবে ম্যাচ সেরা হন অধিনায়ক রোহিত পাউডেল, যিনি ব্যাট হাতে সর্বাধিক রানের পাশাপাশি বল হাতে তিন ওভারে ২০ রান দিয়ে একটি উইকেটও তুলে নেন।
নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকা ক্যারিবিয়ানরা ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১২৯ রানে থেমে যায়। সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।