‘বাইরে দেখা করুন, তার পরে বলছি!’-তুমুল বিক্ষোভ যাত্রীদের, চাপে স্পাইসজেট

দীর্ঘ অপেক্ষার পর আচমকা উড়ান বাতিল হয়ে যাওয়ায় দিল্লি বিমানবন্দরে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। স্পাইসজেট (SpiceJet)-এর কর্মীদের সঙ্গে শুরু হয় তুমুল বচসা, একপর্যায়ে ওঠে ‘চোর চোর’ স্লোগানও। বৃহস্পতিবারের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে জোর চর্চা। যাত্রীদের অভিযোগ, কোনো পূর্বঘোষণা বা আগাম তথ্য ছাড়াই ফ্লাইট বাতিল করে দেওয়া হয়। তবে শনিবার সকাল পর্যন্ত এ বিষয়ে স্পাইসজেট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

ঠিক কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে?

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, দিল্লি থেকে মুম্বইগামী স্পাইসজেটের ‘SG 603’ ফ্লাইটটি শেষ পর্যন্ত বাতিল করা হয়। যাত্রীদের দাবি, কিছু না জানিয়ে হঠাৎ করেই বিমান বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়ে বিমানবন্দরে আটকে যান তাঁরা। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা জানতে চেয়ে স্পাইসজেটের কর্মীদের কাছে জবাবদিহি দাবি করেন যাত্রীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিক্ষোভের ভিডিওগুলিতে দেখা যায়, চেক-ইন কাউন্টারের সামনে দাঁড়িয়ে ক্ষোভে ফেটে পড়ছেন যাত্রীরা। কেউ কেউ কাউন্টারের দিকে ঝুঁকে পড়ে তর্ক জুড়ে দেন, উত্তেজনার মাঝে হাত-পা ছুঁড়ে প্রতিবাদও জানান অনেকে।

কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ

বিক্ষোভকারী যাত্রীদের একাংশ স্পাইসজেট কর্মীদের আচরণ নিয়েও গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, উত্তেজনার মধ্যে এক কর্মী যাত্রীদের উদ্দেশে বলেন, ‘বাইরে দেখা করুন, তার পরে বলছি।’ এই মন্তব্য ঘিরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।

তলানিতে বাজার অংশীদারিত্ব, DGCA-র শো-কজ

স্পাইসজেটের পরিষেবা ও পরিচালনাগত সংকট নিয়ে সাম্প্রতিক সময়ে একের পর এক প্রশ্ন উঠছে। ‘বিজনেস টুডে’-র প্রতিবেদন অনুযায়ী, নথিপত্রে প্রায় ৫০টি বিমানের কথা থাকলেও বাস্তবে সংস্থাটির হাতে চালু বিমানের সংখ্যা মাত্র ৫টি—যার মধ্যে রয়েছে ৩টি বোয়িং ৭৩৭ এবং ২টি Q400 টার্বোপ্রপ বিমান। চলতি বছরের জানুয়ারিতে দেশের বিমান পরিবহণের বাজারে স্পাইসজেটের অংশীদারিত্ব যেখানে ছিল ৩.৯ শতাংশ, সেপ্টেম্বরে তা নেমে এসেছে মাত্র ০.৬ শতাংশে।

এই সংকটের আবহেই গত ১৭ নভেম্বর স্পাইসজেটকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর (Show-cause) নোটিস পাঠিয়েছে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA)। নিয়ম লঙ্ঘন ও পরিচালনাগত গাফিলতির আটটি অভিযোগের উল্লেখ করে ডিজিসিএ জানিয়েছে, সংস্থার অধিকাংশ বিমানই অচল হয়ে পড়ে রয়েছে এবং সেগুলিকে পুনরায় পরিষেবায় ফেরানোর মতো কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা জমা দিতে পারেনি স্পাইসজেট। সেই চাপের মাঝেই দিল্লি বিমানবন্দরে যাত্রী বিক্ষোভের ঘটনা সংস্থার অস্বস্তি আরও বাড়িয়ে দিল।