আওয়ামি লিগ ও প্রাক্তন সাংসদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ, বাংলাদেশে ফের অশান্তি

বাংলাদেশের নড়াইলের কালিয়ায় রাজনৈতিক হিংসা ও সংঘর্ষকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মিছিলে অতর্কিত হামলায় দুই বিএনপি নেতার মৃত্যুর ঘটনার জেরে শুক্রবার রাতে ব্যাপক অশান্তি সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, এরপরই কালিয়া পুরসভার বেন্দারচর-সহ একাধিক এলাকায় সংখ্যালঘু হিন্দু পরিবারের বাড়িঘর, আওয়ামি লিগের নেতাকর্মীদের বাসস্থান এবং নড়াইল-১ আসনের প্রাক্তন সাংসদ কবিরুল হক মুক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়।
রিজভীর সফরের পর রাতেই তাণ্ডব
শুক্রবার দলবল নিয়ে কালিয়ায় পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং নিহত নেতাদের কবরে শ্রদ্ধা জানান। কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, কোনোভাবেই স্বৈরাচারী শক্তির হিংসা মেনে নেওয়া হবে না এবং দুর্বৃত্তদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে।
সূত্রের খবর, রিজভী এলাকায় থাকাকালীনই উত্তেজনা ছড়ায় এবং বিএনপি কর্মীরা বিভিন্ন বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে। এরপর শুক্রবার সারারাত ধরে দফায় দফায় আওয়ামি লিগের সমর্থক ও কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়। এই তাণ্ডবে অন্তত ৩০টি ছোট-বড় বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ধারাবাহিক এই হামলায় গোটা এলাকায় গভীর আতঙ্ক বিরাজ করছে।
কীভাবে শুরু সংঘাতের সূত্রপাত?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সন্ধ্যায় কালিয়া পুরসভার বেন্দারচর এলাকায় বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলির একটি প্রতিবাদী বাইক মিছিল বের হয়। বেন্দারচর বটতলা মোড় ও সংলগ্ন খালের কাছে মিছিলটি পৌঁছতেই একদল দুষ্কৃতী অতর্কিত হামলা চালায়।
মিছিলের পিছনের অংশে আক্রমণ চালিয়ে একাধিক মোটরসাইকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই হামলায় গুরুতর আহত হন স্থানীয় কৃষক দল নেতা শাহিন এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা সোহেল মোল্লা। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। সেই দুই নেতার মৃত্যুর জেরেই নতুন করে রক্তক্ষয়ী উত্তেজনায় ফুটছে নড়াইলের কালিয়া।