বর্ধমান স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা! সিঁড়িতে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে আহত একাধিক যাত্রী, ভর্তি হাসপাতালে

পূর্ব বর্ধমানের বর্ধমান রেলওয়ে স্টেশনে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন একাধিক যাত্রী। স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে নামা-ওঠার সিঁড়িতে এই দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজে (Burdwan Medical College) ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনার খবর পেয়েই হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন।

কীভাবে ঘটল দুর্ঘটনা?
রেল সূত্রে জানা গিয়েছে, ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে একই সময়ে একাধিক ট্রেনের আগমন ও নির্গমনের কারণে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার জন্য সিঁড়িতে যাত্রীদের ভিড় বাড়লে আচমকা পদপিষ্টের ঘটনা ঘটে। এই ঘটনায় প্ল্যাটফর্মে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং স্টেশনে ভিড় নিয়ন্ত্রণের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, তা পর্যালোচনা শুরু করেছে।