বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! সরকারি চাকরির পরীক্ষায় আর দিতে হবে না কোনো ফি, সঙ্গে বয়সে ছাড় ও টাকার থলি

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য এল এক ঐতিহাসিক ও স্বস্তিদায়ক ঘোষণা। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একটি বিশেষ অনুষ্ঠান থেকে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য চাকরির আবেদন ফি সম্পূর্ণ মকুব করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তে রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থী বড় ধরনের আর্থিক চাপ থেকে মুক্ত হবেন বলে মনে করা হচ্ছে।

কী বলছেন মুখ্যমন্ত্রী? এতদিন পর্যন্ত সরকারি চাকরির পরীক্ষার আবেদন করার জন্য সাধারণ প্রার্থীদের ৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি (SC/ST) প্রার্থীদের ২৫০ টাকা করে ফি দিতে হতো। কিন্তু অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বহু পরিবারের পক্ষে এই টাকা জোগাড় করা কঠিন হয়ে দাঁড়াত। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে উদাহরণ দিয়ে জানান, সম্প্রতি ক্লার্কশিপের মতো একটি পরীক্ষায় মাত্র কয়েকটি পদের জন্য প্রায় সাড়ে আট লক্ষ আবেদন জমা পড়েছিল। প্রতিটি পরীক্ষার জন্য প্রার্থীদের এই বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হলেও চাকরি পান মাত্র কয়েকজন। তরুণ প্রজন্মের এই বাড়তি বোঝা লাঘব করতেই ফি তুলে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এই সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ অর্থ দফতরে চলছে এবং শীঘ্রই তা কার্যকর করা হবে।

চাকরিপ্রার্থীদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা: ১. আবেদন ফি মকুব: সরকারি চাকরির সমস্ত পরীক্ষার ফর্ম ফিলআপ এখন থেকে সম্পূর্ণ নিখরচায় করা যাবে। ২. বয়সসীমায় ছাড়: ২০২৭ সাল থেকে সরকারি চাকরির পরীক্ষায় সর্বোচ্চ বয়সসীমায় দুই বছরের বিশেষ ছাড় দেওয়া হবে, যাতে বয়সের কারণে সুযোগ হারাতে বসা প্রার্থীরা ফের পরীক্ষায় বসতে পারেন। ৩. ‘ভরসা’ প্রকল্প: প্রতিযোগিতামূলক পরীক্ষার বিনামূল্যে বা সুলভ প্রস্তুতির জন্য স্নাতক ও স্নাতক-না-করা বেকার যুবকদের আর্থিক সহায়তা দিতে আসছে নতুন ‘ভরসা’ প্রকল্প। অন্তত পাঁচ বছর এই সহায়তা চালু থাকবে। ৪. ‘ভগিনী নিবেদিতা’ প্রকল্প: নারীদের উচ্চশিক্ষায় উৎসাহ জোগাতে আগামী জানুয়ারি থেকে চালু হচ্ছে এই প্রকল্প। এর মাধ্যমে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করা মেয়েরা উচ্চশিক্ষার জন্য তিন বছরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য পাবেন। ৫. ১ লক্ষ সরকারি চাকরি: আগামী পাঁচ বছরের মধ্যে পুলিশ ও শিক্ষা দফতরসহ বিভিন্ন সরকারি বিভাগে মোট এক লক্ষ শূন্যপদে চাকরি দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

দীর্ঘদিন ধরে চলা চাকরির পরীক্ষার ফর্ম ফিলআপের এই ফি মকুবের দাবি পূরণ হওয়ায় রাজ্যজুড়ে খুশির হাওয়া চাকরিপ্রার্থী ও তাঁদের পরিবারগুলির মধ্যে। অভিভাবকদের মতে, এই সিদ্ধান্তের ফলে বহু গরিব ঘরের সন্তান কোনো আর্থিক চিন্তা ছাড়াই নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে।