ধনঞ্জয়ের ফাঁসির ৩৪ বছর পর ফের বঙ্গে চরম সাজা! ৫ বছরের শিশুকে ধর্ষণ ও খুনে রায় দিতে গিয়ে কলম ভাঙলেন বিচারপতি

১৯৯২ সালের হেতাল পারেখ হত্যাকাণ্ডের পর দীর্ঘ ৩৪ বছর কেটে গেছে। এর মাঝে বঙ্গে আর কোনো মৃত্যুদণ্ডের রায়ে সিলমোহর দেয়নি উচ্চ আদালত। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৫ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের জঘন্য অপরাধে নিম্ন আদালতের দেওয়া ফাঁসির সাজা পুরোপুরি বহাল রাখল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, ঐতিহাসিক এই রায়দানের পর বিচারপতির কলম ভেঙে ফেলার প্রাচীন প্রথাও পালন করা হয়।
হুগলির এই মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনায় বিচারকাজে এক নতুন মোড় আসে রাজনৈতিক পালাবদলের পর। জানা গিয়েছে, আগের সরকারের আমলেই এই মামলার শুনানি শেষ হয়ে রায়দান সংরক্ষিত (Reserved) রাখা হয়েছিল। কিন্তু পরবর্তীতে নতুন সরকার আসার পর মামলাটি পুনরায় ওপেন করা হয় এবং নতুন স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা হয় আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে। তাঁর সওয়াল-জবাবের ভিত্তিতে মাত্র আড়াই দিনেই মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়।
এর পরই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ অভিযুক্ত অশোক সিং-এর ফাঁসির সাজা বহাল রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে নির্যাতিতার পরিবারকে এর আগে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও, বর্তমান রায়ে সেই অঙ্ক বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করার নির্দেশ দেওয়া হয়েছে।
রায়দান শেষে আদালতের ঐতিহ্য মেনে বিচারপতি অপূর্ব সিনহা রায় নিজের কলমটি ভেঙে ফেলেন। আইনি মহলের মতে, এই প্রতীকী পদক্ষেপ বিচারব্যবস্থার ইতিহাসে এক কঠোর বার্তা বহন করে, যা অপরাধের ভয়াবহতা ও সমাজের প্রতি আদালতের আপসহীন অবস্থানের কথাই স্মরণ করিয়ে দেয়।