ভিনরাজ্য ছেড়ে বাংলায় ফিরলেই মিলবে কাজ! ২২ লক্ষ যুবকের মোবাইলে এল সরকারের ডিরেক্ট মেসেজ

ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বড়সড় উদ্যোগ নিল রাজ্য সরকার। ভিনরাজ্যে কর্মরত শ্রমিকদের রাজ্যেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার বার্তা সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে তাঁদের মোবাইলে। গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রায় ২২ লক্ষ নথিভুক্ত পরিযায়ী শ্রমিকের কাছে এই বিশেষ এসএমএস পাঠানোর কাজ শুরু হয়েছে।
দফতর সূত্রে জানা গিয়েছে, ভিনরাজ্যে কর্মরত শ্রমিকদের বাংলার মাটিতে ফিরে আসার আহ্বান জানানো হচ্ছে ওই বার্তায়। শুধু তাই নয়, রাজ্যে ফিরলে তাঁদের জন্য নিশ্চিত কাজের সুযোগ রয়েছে বলেও সরকারের তরফে আশ্বস্ত করা হচ্ছে। রাজ্য প্রশাসনের মূল লক্ষ্য, নিজের রাজ্যে ফিরে পরিবার-পরিজনের সঙ্গে থেকে যাতে শ্রমিকেরা সুস্থভাবে জীবিকা নির্বাহ করতে পারেন, সেই পরিবেশ তৈরি করা।
প্রেরিত এসএমএসটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। প্রথমত, ভিনরাজ্য থেকে শ্রমিকদের বাংলায় ফিরে আসার অনুরোধ করা হচ্ছে। দ্বিতীয়ত, যাঁদের এখনও জব কার্ড নেই, তাঁদের দ্রুত তা তৈরি করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি, বিশেষ প্রকল্পের অধীনেও কাজের সুযোগ তৈরি রয়েছে বলে বার্তায় জানানো হয়েছে।
প্রশাসনিক মহলের খবর অনুযায়ী, এই উদ্যোগ কেবল এককালীন নয়। একবার বার্তা পাঠিয়ে থেমে থাকছে না দফতর, বরং প্রতি ১৫ দিন অন্তর নথিভুক্ত পরিযায়ী শ্রমিকদের মোবাইলে এই এসএমএস পাঠানো হবে। এর মাধ্যমে রাজ্যের কর্মসংস্থান সংক্রান্ত সমস্ত তথ্য তাঁদের কাছে নিয়মিত পৌঁছে দেওয়ার পাশাপাশি ঘরে ফেরার জন্য উৎসাহিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বাংলার শ্রমিকদের নানা ধরনের বঞ্চনা ও নিরাপত্তার সমস্যার মুখে পড়ার অভিযোগ দীর্ঘদিনের। সেই কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখেই শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে এনে স্থানীয় স্তরে কাজের সুযোগ করে দেওয়ার কথা ঘোষণা করেছিল সরকার। এবার সরাসরি মোবাইল বার্তার মাধ্যমে সেই উদ্যোগেই গতি আনতে চাইছে প্রশাসন। তবে সরকারের এই আহ্বানে সাড়া দিয়ে শেষ পর্যন্ত কতজন শ্রমিক ভিনরাজ্য ছেড়ে ঘরের টানে ফিরে আসেন এবং তাঁদের জন্য ঠিক কী ধরনের কাজের ব্যবস্থা করা হয়, সেটাই এখন দেখার বিষয়।