আইপিএসদের মলদ্বীপ-দুবাই ভ্রমণের খরচ দেবে সরকার! সঙ্গে বাড়িভাড়া ও সন্তানদের পড়াশোনায় বিরাট সুবিধা, নবান্নের মেগা ঘোষণা

রাজ্যের আইপিএস অফিসারদের জন্য একগুচ্ছ আকর্ষণীয় আর্থিক সুবিধা ও ভাতার ঘোষণা করল নবান্ন। আইপিএস অ্যাসোসিয়েশনের পেশ করা দাবির ভিত্তিতে রাজ্য স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে সম্প্রতি একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এই নতুন ঘোষণায় বাড়িভাড়া, শিক্ষা ঋণ থেকে শুরু করে বিদেশ ভ্রমণের মতো লোভনীয় সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কলকাতায় কর্মরত আইজি পদমর্যাদার নীচের আইপিএস অফিসারদের জন্য প্রতি মাসে ১৫ হাজার টাকা বিশেষ ভাতা দেওয়া হবে, যা পরবর্তীতে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। পাশাপাশি, সরকারি আবাসন না পেলে এবং প্রচলিত বাড়িভাড়া ভাতা না নিলে মাসে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত বাড়িভাড়া রিফান্ড বা ফেরত পাবেন সংশ্লিষ্ট আইপিএস অফিসাররা। প্রতি তিন বছর অন্তর এই ভাড়ার পরিমাণ ২০ শতাংশ করে বৃদ্ধি পাবে।

শুধু তাই নয়, আইপিএস অফিসারদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এর আওতায় দেশের পাশাপাশি বিদেশে পড়াশোনা এবং বোর্ডিং স্কুলের খরচও অন্তর্ভুক্ত রয়েছে। এর পাশাপাশি, ডিজিপি পদমর্যাদা থেকে অবসর নেওয়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের মাসিক ইন্টারনেট বিলের টাকাও নিয়মানুযায়ী ফেরত দেবে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর। নবান্নের এই মেগা ঘোষণায় পুলিশ মহলে তীব্র চাঞ্চল্য ও কৌতূহল তৈরি হয়েছে।

Pratik Saha
  • Pratik Saha