বড়সড় পুলিশি হানায় পণ্ড বাজি চক্র! দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা ও বজবজ থেকে উদ্ধার ১০০ কেজি নিষিদ্ধ বাজি

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা ও বজবজ এলাকার বাজি বাজারে ফের বড়সড় পুলিশি অভিযান চাঞ্চল্য সৃষ্টি করেছে। বেআইনি ও নিষিদ্ধ বাজির কারবার রুখতে ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যোগে গত রাতে একটি আকস্মিক অভিযান চালানো হয়। মহেশতলা ও বজবজ থানার পুলিশ আধিকারিকদের নিয়ে গঠিত বিশেষ দল এই রাতভর অভিযানে অংশ নেয়। এসডিপিও মহেশতলার সরাসরি নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই দুই এলাকার স্থানীয় বাজি বাজার থেকে প্রায় ১০০ কেজি নিষিদ্ধ বাজি এবং বিপুল পরিমাণ বাজির মশলা বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। জনবহুল এলাকায় বিপজ্জনকভাবে মজুত রাখা এই নিষিদ্ধ বাজিগুলো যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারত। পুলিশি হানার খবর চাউর হতেই অবৈধ কারবারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে সমস্ত অবৈধ সামগ্রী কঠোর নিরাপত্তার সঙ্গে বাজেয়াপ্ত করেছে পুলিশ প্রশাসন।

অভিযান শেষে মহেশতলার এসডিপিও ধীমান মিত্র স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং অবৈধ বাজির রমরমা চিরতরে বন্ধ করতে প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। আগামী দিনেও এই ধরনের তল্লাশি অভিযান লাগাতার চলবে এবং কোনোভাবেই আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না। পুলিশের এই কঠোর পদক্ষেপে স্থানীয় সচেতন মহলে স্বস্তির নিঃশ্বাস পড়েছে।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty