বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি একাধিক সতর্কতা

আবারও বঙ্গোপসাগরের বুকে নিম্নচাপের সম্ভাবনা। ফলে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হতে চলেছে একটানা বৃষ্টির পালা। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে, বিশেষ করে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টির পরিমাণ হবে উল্লেখযোগ্য। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা
আলিপুর আবহাওয়া দফতরের মতে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এরপর ৪৮ ঘণ্টার মধ্যে তা নিম্নচাপে রূপ নিতে পারে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করবে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের বহু জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির পূর্বাভাস: কখন কোথায় কত সতর্কতা
বুধবার (আজ): কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জারি হয়েছে হলুদ সতর্কতা।

বৃহস্পতিবার: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের জেলায় হলুদ সতর্কতা বহাল।

শুক্রবার: পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ফের কমলা সতর্কতা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে হলুদ সতর্কতা জারি রয়েছে।

শনিবার: হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা। অন্যান্য জেলাতেও বজায় থাকবে ঝড়বৃষ্টি।

রবিবার ও সোমবার: দক্ষিণে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে প্রায় সব জেলাতেই।

উত্তরবঙ্গেও থাকবে প্রভাব
শুধু দক্ষিণ নয়, উত্তরবঙ্গেও বাড়ছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার সহ আট জেলায় আগামী সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে বাড়বে ঝড়বৃষ্টির দাপট। কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতার পরিস্থিতি
শহর কলকাতাতেও আজ থেকে বৃষ্টির শুরু। সপ্তাহের শেষে পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। কলকাতার জন্যও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রশাসন সতর্ক। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

মৎস্যজীবীদের জন্য কড়া নির্দেশ
সমুদ্র থাকবে উত্তাল। তাই আগামী কয়েকদিনের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে নজরদারির নির্দেশ। রাজ্য প্রশাসনও প্রস্তুতি শুরু করেছে ঝড়বৃষ্টি মোকাবিলায়।