বক্সার জঙ্গল কাঁপাতে আসছে ‘বাঘমামা’! কবে থেকে উত্তরবঙ্গের মাটিতে প্রথম রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া হচ্ছে?

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উত্তরবঙ্গের মাটিতে ফের ফিরতে চলেছে রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের পাশাপাশি এককালে উত্তরবঙ্গের যে বক্সা ব্যাঘ্র প্রকল্পে (Buxa Tiger Reserve) অবাধে বাঘের বিচরণ ছিল, সেই জঙ্গলেই ফের বাঘের পায়ের ছাপ পড়ার দিন ঘনিয়ে এসেছে। সব ঠিকঠাক থাকলে আগামী ২ অক্টোবর বক্সা টাইগার রিজার্ভে আনুষ্ঠানিকভাবে প্রথম বাঘ ছাড়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য বন দফতর। আর এই মেগা প্রস্তুতি ও পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখতে চলতি সপ্তাহেই বক্সায় আসছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (NTCA)-র একটি বিশেষ কেন্দ্রীয় প্রতিনিধি দল।
রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওরাওঁ সম্প্রতি জানিয়েছেন, বাঘ ছাড়ার প্রস্তুতি এখন একেবারে অন্তিম পর্যায়ে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ বা অসমের মানস জাতীয় উদ্যান থেকে একটি বাঘ এনে বক্সার বিশেষ এনক্লোজারে রাখা হবে। পরবর্তীতে আরও একটি বাঘ এনে এখানে একটি স্থায়ী বাঘের পরিবার বা ‘সংসার’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বাঘের সুরক্ষা, চলাফেরা, নজরদারি ব্যবস্থা, জলের উৎস এবং পর্যাপ্ত শিকারভিত্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি খতিয়ে দেখতেই এনটিসিএ-র এই পরিদর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তবে বক্সায় বাঘ ফেরানোর এই উদ্যোগ কেবল পর্যটন বাড়ানোর মাধ্যম নয়, বরং এর মূল উদ্দেশ্য হল বনের সামগ্রিক পরিবেশগত ভারসাম্য ও খাদ্যশৃঙ্খল ফিরিয়ে আনা। দীর্ঘ দিন ধরে বক্সা থেকে বাঘ হারিয়ে যাওয়ায় এই জঙ্গল নিয়ে পরিবেশপ্রেমীদের মনে আক্ষেপ ছিল। এ বার সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে বক্সার জঙ্গলকে ফের রয়্যাল বেঙ্গল টাইগারের স্থায়ী আবাসস্থল হিসেবে গড়ে তোলার কাজ চূড়ান্ত পর্বে। তবে জঙ্গল সংলগ্ন এলাকায় যাতে কোনো ধরনের মানুষ-বন্যপ্রাণ সংঘাত না ঘটে, সেদিকেও কড়া নজর রাখছে বন দফতর। কেন্দ্রীয় দলের সবুজ সঙ্কেত মিললেই ঐতিহাসিক এই পদক্ষেপে চূড়ান্ত সিলমোহর পড়বে।