ফেসবুকে স্ত্রীর ভিডিও দেখে রাগ, প্রকাশ্যে দিনের আলোয় গুলি করে খুন করল স্বামী!

ফেসবুকে একটি জন্মদিনের পার্টির ভিডিও দেখে ক্ষোভে উন্মত্ত হয়ে নিজের স্ত্রীকে প্রকাশ্যে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, গোয়ালিয়রের এই নৃশংস ঘটনায় নিহত মহিলার নাম নন্দিনী পারিহার এবং অভিযুক্ত স্বামীর নাম অরবিন্দ পারিহার।

পুলিশের সূত্র অনুযায়ী, চার দিন আগে ফেসবুকে একটি ভিডিও আপলোড করা হয়েছিল, যেখানে নন্দিনীকে তাঁর বন্ধু অঙ্কুশ পাঠকের জন্মদিনের অনুষ্ঠানে দেখা গিয়েছিল। অরবিন্দ সেই ভিডিও দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং নন্দিনীর সঙ্গে অঙ্কুশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করে।

শুক্রবার যখন নন্দিনী তাঁর স্বামী অরবিন্দের বিরুদ্ধে অভিযোগ জানাতে এসপি অফিস থেকে ফিরছিলেন, তখন তিনি তাঁর দুই বন্ধু অঙ্কুশ ও কল্লুকে নিয়ে একটি রিকশায় যাচ্ছিলেন। ঠিক সেই সময় অরবিন্দ আরেকটি রিকশায় এসে তাদের পথ আটকায় এবং পাঁচ রাউন্ড গুলি চালায়। গুলির আঘাতে নন্দিনী ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে অরবিন্দ তাদের দিকে দেশি আগ্নেয়াস্ত্র তাক করে হুমকি দেয়। এরপর পুলিশ তাকে কাবু করে গ্রেফতার করে। নন্দিনীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, দু’ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।

জানা যায়, অরবিন্দ এবং নন্দিনী ২০২৩ সালে আর্য সমাজ মন্দিরে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই তাঁদের সম্পর্কে চিড় ধরে, কারণ নন্দিনী জানতে পারেন যে অরবিন্দের এক বিবাহিত বান্ধবী এবং একটি সন্তান রয়েছে। এরপর থেকেই তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। এর আগে একবার অরবিন্দ নন্দিনীকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছিল। সেই ঘটনায় গ্রেফতার হলেও জামিনে ছাড়া পেয়ে সে আবারও নন্দিনীকে হয়রানি করতে থাকে।

গত মঙ্গলবার নন্দিনী গণমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁর স্বামী এআই ব্যবহার করে তাঁর অশ্লীল ছবি ও ভিডিও বানাচ্ছে এবং তাকে সমঝোতার জন্য চাপ দিচ্ছে। তিনি অভিযোগ করেন যে, অরবিন্দ তাকে সমর্থনকারী সবাইকে হুমকি দিচ্ছে এবং কেউ তাঁর কথা শুনছে না। ঘটনার সময় উপস্থিত দুই বন্ধু প্রত্যক্ষদর্শী হিসেবে এই খুনের ঘটনার অভিযোগ দায়ের করেছেন।