ফের শিরোনামে অস্ত্র-রাজনীতি! এবার কলকাতা বিমানবন্দরে গ্রেফতার হলেন তৃণমূল কাউন্সিলর আমিরুল ইসলাম

কলকাতা বিমানবন্দর থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার করা হল পূজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আমিরুল ইসলামকে। রবিবার দুপুরে মুম্বই যাওয়ার জন্য বিমান ধরতে গিয়েছিলেন তিনি। কিন্তু নিরাপত্তারক্ষীদের তল্লাশিতে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয়। এই ঘটনায় শাসকদলের ভাবমূর্তি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, রবিবার দুপুর সোয়া দুটো নাগাদ আমিরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছান। যখন তিনি সিকিউরিটি চেকইনের জন্য যান, তখন তার ব্যাগের ভেতর থেকে একটি বন্দুক এবং কার্তুজ ধরা পড়ে। কাউন্সিলর এই অস্ত্র ও কার্তুজের কোনো বৈধ নথি দেখাতে পারেননি। এরপরই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এর কর্মীরা তাকে আটক করে। পরে তাকে সংশ্লিষ্ট থানার হাতে তুলে দেওয়া হয় এবং পুলিশ মামলা রুজু করে তাকে গ্রেফতার করে।
এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন রাজ্যে অবৈধ অস্ত্র এবং বোমার কারবার বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি গুলশান কলোনির ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। ওই ঘটনায় মূল অভিযুক্ত ‘মিনি ফিরোজ’কে দিল্লি থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। কয়েকদিন আগে গুলশান কলোনিতে বন্দুক হাতে দুষ্কৃতীদের দৌড়তে দেখা গিয়েছিল, যা নিয়ে ব্যাপক রাজনৈতিক বিতর্ক শুরু হয়। এই ঘটনার মূল অভিযুক্ত ফিরোজ খানকে দিল্লি থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের একটি দল। ফিরোজের বিরুদ্ধে অস্ত্র আইনসহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এই প্রেক্ষাপটে একজন জনপ্রতিনিধির কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া যাওয়ায় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কী উদ্দেশ্যে একজন কাউন্সিলর অস্ত্র নিয়ে অন্য রাজ্যে যাচ্ছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।