ফের চড়ছে দলবদলের জল্পনা! ২১ জুলাই নিয়ে বিজেপি নেতাদের খোঁচা দিলীপের্

একুশে জুলাইয়ের সভাকে কেন্দ্র করে যখন তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য নতুন করে আলোচনার ঝড় তুলেছে। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি সরাসরি দলেরই একাংশ নেতাকে খোঁচা দিলেন, যারা একসময় তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন। দিলীপের নিশানায় সেইসব নেতারা, যাদের ‘একুশে জুলাই’ নিয়ে নাকি ‘খুবই উৎসাহ’ ছিল।

“ডিম ভাত খেয়ে এসেছেন” – দিলীপের কটাক্ষ
দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য ছিল, “একুশে জুলাই নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ তো প্রবল। সেটাই স্বাভাবিক। গুঞ্জন তো ছিলই। প্রত্যেকবারই থাকে। ডিমভাতের উৎসব হয়। কিন্তু আমি দেখলাম, এবার আমাদের পার্টির লোকেদেরও খুবই উৎসাহ ছিল। উৎসাহ তাঁদের মধ্যে ছিল, যাঁরা ওখানে ডিম ভাত খেয়ে এসেছেন। আমাদের বিজেপির লোকেদের কোনও সমস্যা নেই এই নিয়ে।” তাঁর এই ‘ডিম ভাত’ মন্তব্যের মাধ্যমে তিনি সরাসরি সেইসব নেতাদের কটাক্ষ করেছেন, যারা পূর্বে তৃণমূলের কর্মসূচিতে যোগ দিতেন।

দিলীপের নিজের ‘একুশে’ জল্পনা এবং ইউ-টার্ন
প্রসঙ্গত, কিছুদিন আগেই দিলীপ ঘোষের মুখেই শোনা গিয়েছিল, “একুশে কোনও না কোনও মঞ্চে থাকব।” তাঁর এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয় যে, তিনি কি তবে তৃণমূলে যোগদানের কথা ভাবছেন? রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলতে শুরু করেন, দিলীপ ঘোষ কি নতুন কোনো রাজনৈতিক সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন? তবে এরপরই বিজেপির সদ্য নির্বাচিত সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দিলীপের সাক্ষাৎ হয় এবং তারপরেই সামাজিক মাধ্যমে পোস্টে তিনি সাফ জানান, একুশে জুলাই নিয়ে তাঁর কোনো মাথাব্যথাই নেই।

“বিজেপি কর্মীদের কোনো উৎসাহ নেই” – স্পষ্ট বার্তা?
আর এই প্রসঙ্গে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ আবারও স্পষ্ট করলেন, “একুশে জুলাই নিয়ে জল্পনা তো মানুষে করবেই, কিন্তু বিজেপি কর্মীদের কোনও উৎসাহ নেই।” তাঁর এই মন্তব্য একদিকে যেমন তৃণমূলে যোগ দেওয়া বিজেপি নেতাদের প্রতি কটাক্ষ, তেমনই অন্যদিকে দলের বর্তমান অবস্থানের প্রতি তাঁর আনুগত্যের ইঙ্গিতও বহন করছে।

দিলীপ ঘোষের এই মন্তব্য বিজেপি এবং তৃণমূল উভয় শিবিরেই নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।