ফিফার অন্দরে নতুন আর্থিক কেলেঙ্কারি! গোপন বেতনের অভিযোগে বিদ্ধ সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে নতুন করে তীব্র আর্থিক বিতর্ক দানা বেঁধেছে। মার্কিন অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবার (IRS) কর নথির সূত্রে প্রকাশ্যে এসেছে যে, ফিফা প্রধান নিয়মবহির্ভূতভাবে ও সম্পূর্ণ গোপনে তাঁর নিয়মিত বেতনের বাইরেও অতিরিক্ত মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন। এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোর মূল বার্ষিক বেতন ছিল প্রায় ৪৮.৮ কোটি টাকা। কিন্তু এর পাশাপাশি বিশ্বকাপ আয়োজনের জন্য গঠিত ফিফার পৃথক মার্কিন সংস্থা ‘FWC2026 US Inc.’ থেকে তিনি অতিরিক্ত প্রায় ১৬.৭৬ কোটি টাকা বা প্রায় ১.৩ মিলিয়ন পাউন্ড পারিশ্রমিক হিসেবে নিয়েছেন। ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপ আয়োজন তদারকি করা সভাপতির মূল দায়িত্বের মধ্যেই পড়ে, অথচ এই পৃথক ও গোপন পেমেন্ট ফিফার বার্ষিক আর্থিক রিপোর্টে প্রকাশ করা হয়নি। শুধু তাই নয়, সংশ্লিষ্ট মহলের দাবি ২০২৫ ও ২০২৬ সালেও অনুরূপ বা আরও বেশি পরিমাণ অর্থ তিনি গোপনে নিয়েছেন। অন্যদিকে, কোনো স্পষ্ট কারণ বা ব্যাখ্যা ছাড়াই ২০২৫ সালে তাঁর মূল বেতন ৩৩ শতাংশ বৃদ্ধি পায়, যার ফলে বর্তমানে তাঁর বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৭ কোটি ২০ লক্ষ টাকায়। একের পর এক এমন বেনিয়মের অভিযোগ সামনে আসায় ইনফান্তিনোর নেতৃত্ব ও প্রশাসনিক নৈতিকতা এখন চরম সংকটের মুখে।