প্রতিরক্ষা সম্পর্ক এখন সর্বকালের সেরা! রাজনাথ-হেগসেঠের সইয়ের পরই কেন ১০ বছরের চুক্তির ঘোষণা করল আমেরিকা?

শুল্ক এবং বাণিজ্য নিয়ে দু’দেশের মধ্যে দড়ি টানাটানি চললেও, সামরিক ক্ষেত্রে ভারত ও আমেরিকা ১০ বছরের জন্য একটি বিশাল প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করল। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের ‘যুদ্ধ মন্ত্রক’ (পূর্বতন প্রতিরক্ষা মন্ত্রক)-এর মন্ত্রী পিট হেগসেঠ এই ঘোষণা করে বলেন, দু’দেশের প্রতিরক্ষা সম্পর্ক এর আগে কখনও এতটা শক্তিশালী হয়নি।
এক্স বার্তায় হেগসেঠ নিশ্চিত করেন যে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তাঁর সাক্ষাতেই এই ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে সই সম্পন্ন হয়েছে। মন্ত্রী হেগসেঠ আরও বলেছেন, “এই চুক্তির ফলে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও এগিয়ে যাবে। আঞ্চলিক স্থায়িত্ব ও সুস্থিতির জন্য এই চুক্তি জরুরি ছিল। আমরা সহযোগিতা বৃদ্ধি, তথ্য আদানপ্রদান এবং প্রযুক্তি সহযোগিতা বাড়ানোর উপর জোর দিয়েছি।” তিনি আরও যোগ করেন, “আমাদের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক এর আগে এত মজবুত হয়নি, যা এই চুক্তির ফলে হল।”
আসিয়ান-ইন্ডিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের একটি একান্ত বৈঠকের ফাঁকে হেগসেঠের সঙ্গে রাজনাথ সিংয়ের এই সাক্ষাৎ হয়। মূল বৈঠকটি আগামীকাল, ১ নভেম্বর কুয়ালা লামপুরে অনুষ্ঠিত হবে। রাজনাথ-হেগসেঠের বৈঠকের কয়েক দিন আগেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল। তাঁদের মধ্যে দু’দেশের সম্পর্ক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছিল।