প্রতিমা নয়, পটে হয় দুর্গাপূজা! কেন আজও চলে আসছে এই রীতি? বীরভূমের এই পরিবারের ৩০০ বছরের পুজোয় অবাক করা ইতিহাস!

বীরভূমের চিনপাই মিত্রবাড়ির দুর্গাপূজা শুধু একটি পারিবারিক উৎসব নয়, এটি ৩০০ বছরেরও বেশি পুরনো এক ইতিহাসের সাক্ষী। এক সময় মাটির প্রতিমায় এই পুজো শুরু হলেও, একটি অলৌকিক ঘটনার পর সেই রীতিনীতি পুরোপুরি বদলে যায়। বর্তমানে এই পরিবারে মূর্তি নয়, বরং পটে দেবী দুর্গার পূজা হয়, যা আজও সমান উৎসাহে ও আড়ম্বরে পালিত হয়।

স্বপ্নাদেশে বদলে গেল পুজোর নিয়ম
মিত্র পরিবারের সদস্যরা জানান, প্রথমদিকে তাদের পুজো হতো মাটির মূর্তিতে। কিন্তু এক বছর বিসর্জনের সময় এক অদ্ভুত ঘটনা ঘটে। মূর্তি বের করার সময় দেবীর দুটি আঙুল ভেঙে যায়। সেই রাতেই পরিবারের এক সদস্য স্বপ্নাদেশ পান, যেখানে মা দুর্গা নিজেই জানান, এবার থেকে আর মূর্তি নয়, পটে তাঁর পূজা হবে। সেই নির্দেশনা মেনে বংশপরম্পরায় আজও চলছে এই পটের পূজা।

মিত্র পরিবারের সদস্য প্রবাল মিত্র বলেন, “৩০০ বছরের বেশি পুরনো এই পুজো আমাদের গর্ব। সময়ের সঙ্গে মন্দির পাকা হয়েছে, বিদ্যুৎ এসেছে, কিন্তু আমাদের পুজোর রীতিতে কোনো পরিবর্তন হয়নি। এই ঐতিহ্য ধরে রাখা আমাদের প্রধান লক্ষ্য।”

দেশ-বিদেশ থেকে ফিরে আসেন পরিবারের সদস্যরা
আরেক প্রবীণ সদস্য স্বপন মিত্র জানান, “স্বপ্নাদেশ পাওয়ার পর থেকেই আমরা নবপত্রিকার সঙ্গে পটে পূজা করে আসছি।” কর্মসূত্রে মিত্র পরিবারের অনেক সদস্যই এখন দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশে থাকেন। কিন্তু দুর্গাপূজার এই চারদিন, তারা সবাই শত ব্যস্ততা ছেড়ে এই ঐতিহ্যবাহী পুজোয় অংশ নিতে চিনপাই গ্রামের এই মন্দিরে ফিরে আসেন।