প্রতিটি পরিবারে হবে সাশ্রয়’, GST সংস্কার নিয়ে খোলা চিঠি প্রধানমন্ত্রী মোদীর!

আজ, সোমবার, ২২ সেপ্টেম্বর থেকে সারা দেশে কার্যকর হলো নতুন জিএসটি (GST) ব্যবস্থা, যাকে বলা হচ্ছে ‘জিএসটি ২.০’। এই নতুন ব্যবস্থায় আগের চারটি স্ল্যাবের পরিবর্তে এখন মূলত দুটি স্ল্যাবে (৫% এবং ১৮%) কর কার্যকর হবে। এর ফলে বহু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। এই ঐতিহাসিক দিনে দেশের নাগরিকদের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কী বলছেন প্রধানমন্ত্রী?
চিঠিতে প্রধানমন্ত্রী বলেছেন যে, জিএসটি-র এই নতুন হার কমানোর ফলে প্রতিটি পরিবারের সঞ্চয় বাড়বে এবং ব্যবসা করা আরও সহজ হবে। তিনি মনে করেন, এই সংস্কার সমাজের প্রতিটি অংশকে উপকৃত করবে—সে কৃষক, মহিলা, যুবক, দরিদ্র, মধ্যবিত্ত, ব্যবসায়ী বা ক্ষুদ্র ব্যবসায়ী—যেই হোক না কেন।

মোদী তাঁর চিঠিতে আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন—খাবার, ওষুধ, সাবান, টুথপেস্ট এবং বীমার মতো পরিষেবা এখন হয় করমুক্ত থাকবে অথবা সর্বনিম্ন ৫% কর স্ল্যাবের আওতায় পড়বে। তিনি জানান, যে পণ্যগুলিতে আগে ১২% কর ছিল, তা প্রায় পুরোপুরি ৫%-এ চলে এসেছে।

প্রধানমন্ত্রী মোদী বলেন যে, বিভিন্ন দোকানদার ও ব্যবসায়ীরা ‘তখন এবং এখন’ বোর্ড লাগিয়ে কর-পূর্ব এবং পরবর্তী অবস্থার তুলনা দেখাচ্ছেন, যা সত্যিই আনন্দের। তিনি আরও বলেন, গত কয়েক বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র্যের সীমা থেকে উঠে এসেছেন এবং বিশাল আয়কর ছাড়ের মাধ্যমে মধ্যবিত্তদের হাতেও টাকা এসেছে।

চিঠির শেষে প্রধানমন্ত্রী দোকানদার ও ব্যবসায়ীদের ভারতে তৈরি পণ্য বিক্রি করার আহ্বান জানিয়ে বলেন, “আমি আমাদের দোকানদার এবং ব্যবসায়ীদের কাছে আবেদন করছি যে তাঁরা ভারতে তৈরি পণ্য বিক্রি করুন। আসুন আমরা গর্বের সঙ্গে বলি—আমরা যা কিনি তা স্বদেশি। আসুন আমরা গর্বের সঙ্গে বলি—আমরা যা বিক্রি করি তা স্বদেশি।”