প্রকাশ্যে মূত্রত্যাগের ভিডিও ভাইরাল! সোশ্যাল মিডিয়ায় হয়রানি ও চাপে মহারাষ্ট্রে যুবকের আত্মহত্যা, এফআইআর দায়ের পুলিশের

মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজীনগরে (Chhatrapati Sambhajinagar) এক ২৮ বছর বয়সী যুবকের আত্মহত্যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধুর সঙ্গে রেলস্টেশন সংলগ্ন এলাকায় প্রকাশ্যে প্রস্রাব করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তিনি ক্রমাগত মানসিক চাপ এবং হয়রানির শিকার হন।
জালনা জেলার ঠোকমাল টান্ডা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই যুবক ও তাঁর বন্ধু ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ভিডিওতে দেখা গিয়েছিল, তাঁরা দু’জন “ছত্রপতি সম্ভাজীনগর” লেখা বোর্ডের নিচে প্রস্রাব করছেন। এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় এক শিবসেনা জেলা সভাপতির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টসহ একাধিক সোশ্যাল মিডিয়া পেজ থেকে তা শেয়ার করা হয়।
মানসিক চাপ ও হুমকি:
ভিডিও ছড়ানোর পর দুই বন্ধু প্রকাশ্যে ক্ষমা চাইলেও হয়রানি থামেনি। যুবকটি ক্রমাগত ফোনে হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ। মানসিক চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
পুলিশের এক আধিকারিক জানান, “নানা দিক থেকে চাপ ও অপমান সহ্য করতে না পেরে ওই যুবক তাঁর বন্ধুদের জানিয়েছিলেন যে তিনি পরিস্থিতি সামলাতে পারছেন না। এরপরই তিনি কুয়োয় ঝাঁপ দেন।”
পুলিশ ইতিমধ্যেই যারা ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে এবং যারা হয়রানিতে উসকানি দিয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করে তদন্ত শুরু করেছে।