প্রকাশ্যে বন্দুক-কার্তুজ কেনাবেচা করছেন তৃণমূল নেতা! ভিডিয়ো ভাইরাল হতেই শুরু বিতর্ক

বীরভূমে একের পর এক ঘটনার পর এবার প্রকাশ্যে অস্ত্র কেনাবেচার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। এই ঘটনায় বোলপুরের শিমুলিয়া গ্রামের তৃণমূল নেতা শেখ দোলনকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। ভিডিয়োর সত্যতা এখনও যাচাই না করা হলেও, এটি নিয়ে বিরোধীরা শাসকদলকে তীব্র আক্রমণ করেছে।
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, শেখ দোলন বাইকে বসে একটি প্লাস্টিক থেকে গুনে গুনে কার্তুজ বের করে একজনকে দিচ্ছেন। এরপর একটি বড় বস্তায় একটি মাস্কেট (বন্দুক) এবং কার্তুজ ভরে তা ওই ব্যক্তিকে দিয়ে দেন। এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল অভিযোগ করে বলেন, “শেখ দোলন তৃণমূলের নেতা, আর তিনি প্রকাশ্যে বন্দুক-গুলি কেনাবেচা করছেন। তৃণমূল তো কোনও দল নয়, এটি আসলে বালি ও পাথর মাফিয়াদের দল।” তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনের আগে সন্ত্রাস ছড়ানোর জন্য তৃণমূল মাফিয়াদের একত্রিত করছে।
এই বিষয়ে বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং জানিয়েছেন, ভিডিয়োটি যাচাই করা হচ্ছে এবং এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদিও তৃণমূলের কোনো নেতা এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি।
প্রসঙ্গত, সম্প্রতি রামপুরহাটে নাবালিকাকে ধর্ষণ করে খুন, নানুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন এবং নলহাটিতে পাথর খাদানে ধস নেমে শ্রমিকের মৃত্যু—এমন একাধিক ঘটনায় এমনিতেই বীরভূম উত্তাল। তার মধ্যেই এই নতুন ভিডিয়ো নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।