প্রকাশ্যে চূড়ান্ত হয়রানির শিকার সোহা আলি খান, ইতালিতে যা ঘটল অভিনেত্রীর সঙ্গে!

অভিনেত্রী সোহা আলি খান সম্প্রতি ইতালিতে তাঁর সঙ্গে ঘটে যাওয়া এক ভয়ংকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। একটি পডকাস্ট সাক্ষাৎকারে তিনি জানান, প্রকাশ্যে তাঁকে গোপনাঙ্গ প্রদর্শন করে হয়রানি করা হয়। ঘটনাটি তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে এবং তিনি এর পেছনের উদ্দেশ্য বুঝতে পারছিলেন না।

হাউটারফ্লি ইউটিউব চ্যানেলে দ্য মেল ফেমিনিস্ট পডকাস্টে সোহা বলেন, “হ্যাঁ, ইতালিতে। মনে হয় এটা প্রায়ই ঘটে। কিন্তু প্রকাশ্য দিবালোকে? হ্যাঁ। তাদের উদ্দেশ্য কী ছিল? আমি বুঝতে পারছিলাম না। আমরা বুঝতেও চাই না।”

প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ার সুবিধা

সোহা স্বীকার করেন যে একজন প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ার কারণে তিনি অনেক অপ্রীতিকর পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছেন, যা সাধারণ নারীদের প্রতিদিনের জীবনে ঘটে থাকে। তিনি বলেন, “আমি জানি আমার জীবন অনেক সুবিধাজনক। আমি খুশি যে আমাকে এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি। আমি জানি যে যারা গণপরিবহন ব্যবহার করেন, এমন অনেক মহিলার জন্য প্রতিদিন কিছু না কিছু ঘটে।”

সোহা বলিউডে কাস্টিং কাউচের প্রসঙ্গটিও উল্লেখ করেন। তিনি বলেন, “যখন আপনি একটি ইন্ডাস্ট্রিয়াল পরিবারের সদস্য হন, তখন সবাই বোঝেন যে সইফ আছেন, শর্মিলাজি আছেন।” অর্থাৎ, পরিবারে প্রভাবশালী সদস্য থাকার কারণে তিনি অনেক অস্বস্তিকর পরিস্থিতি এড়িয়ে যেতে পেরেছেন।

সোহা আলি খানের কর্মজীবন

১৯৭৮ সালের ৪ অক্টোবর দিল্লিতে জন্মগ্রহণ করেন সোহা আলি খান। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ইতিহাসে স্নাতক এবং পরে লন্ডন স্কুল অব ইকনমিক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৪ সালে তাঁর প্রথম বাংলা ছবি ‘ইতি শ্রীকান্ত’ এবং একই বছরে প্রথম হিন্দি সিনেমা ‘দিল মাঙ্গে মোর’ মুক্তি পায়। এরপর থেকে ‘রং দে বাসন্তী’, ‘তুম মিলে’, ‘গো গোয়া গন’, এবং ঋতুপর্ণ ঘোষের ‘অন্তরমহল’-এর মতো বেশ কিছু সফল চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন। সম্প্রতি তাঁকে হরর ফিল্ম ‘ছোড়ি ২’-তে দেখা গেছে।