পেট্রোল, ডিজেলের দাম বাড়তে পারে ফের, জেনেনিন কত খরচ বাড়বে?

উৎসবের আনন্দ মিটতে না মিটতেই দেশের সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে জ্বালানির দাম। অক্সফোর্ড ইকোনমিক্সের একটি সাম্প্রতিক রিপোর্টের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ দাবি করেছে যে, দেশে খুব শীঘ্রই পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে পারে। ২০২৭ সালের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনগুলির আগে জ্বালানির মূল্যবৃদ্ধি ঘটানোর জন্য আগামী নভেম্বর মাসটিই সরকারের কাছে শেষ বড় সুযোগ হতে পারে বলে মনে করা হচ্ছে। আর এর জেরে শুধু সাধারণ মানুষের পকেটই নয়, দেশের মুদ্রাস্ফীতির পরিসংখ্যানেও বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নভেম্বরে কেন জ্বালানির দাম বাড়ার সম্ভাবনা?
ব্লুমবার্গের রিপোর্টে অক্সফোর্ড ইকোনমিক্সের প্রধান অর্থনীতিবিদ আলেকজান্দ্রা হারমান প্রসাদের একটি নোটের উল্লেখ করে জানানো হয়েছে, নভেম্বর মাসেই পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হতে পারে। এর মূল কারণ হিসেবে আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে আনা হয়েছে। ২০২৭ সালের মার্চ থেকে মের মধ্যে উত্তর প্রদেশ ও পাঞ্জাবসহ মোট সাতটি রাজ্যে বিধানসভা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে পূর্ণোদমে নির্বাচনী প্রচার শুরু হওয়ার আগেই সরকার জ্বালানির দাম বাড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে।
কতটা বাড়তে পারে দাম ও মুদ্রাস্ফীতি?
রিপোর্ট অনুযায়ী, নভেম্বরে পেট্রোল ও ডিজেলের দাম প্রায় ৩.৭৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। উল্লেখ্য, এর আগে মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে গত মে মাসে জ্বালানির দাম বাড়ানো হয়েছিল, যার পর থেকে দাম আর বৃদ্ধি করা হয়নি।
অক্সফোর্ড ইকোনমিক্সের পূর্বাভাস বলছে, জ্বালানির এই মূল্যবৃদ্ধির কারণে চলতি বছরের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে খুচরা মূল্যস্ফীতি বেড়ে ৬.২ শতাংশ এবং ২০২৭ সালের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে তা ৬.৫ শতাংশে গিয়ে ঠেকতে পারে। এই পরিসংখ্যানগুলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর নির্ধারিত সর্বোচ্চ ৬ শতাংশ সহনসীমার ওপরে রয়েছে। যদিও আরবিআই-এর নিজস্ব পূর্বাভাস কিছুটা আলাদা; কেন্দ্রীয় ব্যাংকের আশা, অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতি ৬ শতাংশ থাকবে এবং পরের ত্রৈমাসিকে তা কমে ৫.৭ শতাংশে নামবে। সামগ্রিক অর্থমূল্যে অক্সফোর্ড ইকোনমিক্স ৫.৪ শতাংশ মুদ্রাস্ফীতির আশঙ্কা করলেও আরবিআই ৫.২ শতাংশের পূর্বাভাস দিয়েছে।
ফের কি বাড়তে পারে রেপো রেট?
পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে শীর্ষ ব্যাংক। গত ৭ অক্টোবর এমপিসি (MPC)-র বৈঠক শেষে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.২৫ শতাংশ থেকে ৫.৫০ শতাংশ করেছে আরবিআই। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী দিনে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্র ও রিজার্ভ ব্যাংক যৌথভাবে আরও কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারে এবং ভবিষ্যতে রেপো রেট আরও এক দফা বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।