পেটের ভেতর আস্ত হার্ডওয়্যার শপ! কিশোরের পেট থেকে বের হলো কয়েন-নেইল কাটারসহ ৪৩টি ধাতব বস্তু

পেটের ভেতর যেন আস্ত একটি লোহার দোকান। তামিলনাড়ুর তিরুভান্নামালাইয়ে ১৬ বছরের এক কিশোরের পেট থেকে অস্ত্রোপচার করে মোট ৪৩টি ধাতব বস্তু উদ্ধার করেছেন চিকিৎসকরা। এর মধ্যে রয়েছে ২৩টি কয়েন, একটি মাদুলি, একটি নেইল কাটার, দুটি চেন, তিনটি পেরেক এবং ১৫টি হেয়ার পিন। বিরল এই ঘটনায় হতবাক চিকিৎসকমহল।

গত কয়েক দিন ধরে তীব্র পেট ব্যথা ও বমির সমস্যায় ভুগছিল ওই কিশোর। পরিবারের সদস্যরা তাকে তিরুভান্নামালাইয়ের থানদারামপাট্টু রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। রোগীর শারীরিক অবস্থা বিবেচনা করে দ্রুত পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেন চিকিৎসকরা। এক্স-রে ও স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পরেই চিকিৎসকদের টনক নড়ে। রিপোর্টে দেখা যায়, কিশোরের পেটের ভেতরে অসংখ্য ধারালো ও ধাতব বস্তু জমা হয়ে রয়েছে।

পরিস্থিতি গুরুতর বুঝে অবিলম্বে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক সুন্দরপান্ডিয়ান ও তাঁর দল। গত শুক্রবার মাঝরাতে সফলভাবে ওই অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কিশোরের পেট থেকে ২৩টি কয়েন, নেইল কাটার, চেন এবং হেয়ার পিনসহ মোট ৪৩টি বস্তু বের করে আনেন।

অস্ত্রোপচারের পর কিশোরের মায়ের কাছে এ বিষয়ে জানতে চান চিকিৎসকরা। তখন মা জানান, ছেলেটি প্রায়ই তার জিনিসপত্র হারিয়ে ফেলত। চিকিৎসকদের ধারণা, অজান্তেই ওই সমস্ত জিনিস গিলে ফেলত ছেলেটি। তবে সময়মতো অস্ত্রোপচার হওয়ায় বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে সে। বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে ওই কিশোর এবং রবিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রোগীর পরিবারের আর্থিক অনটনের কথা মাথায় রেখে হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ বিনামূল্যে এই অস্ত্রোপচার সম্পন্ন করেছে।