লাহলির শীত এবার নিউজিল্যান্ডের পিচে! আগুন ঝরা বোলিংয়ে নজির গড়ছেন ভারতের তরুণ পেসার!

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার খেলতে নেমেই দারুণ ছন্দে রয়েছেন ভারতীয় তরুণ পেসার অংশুল কম্বোজ। সেখানকার শীতল আবহাওয়া ও পেস সহায়ক উইকেট দেখে তাঁর মনে পড়ে যাচ্ছে হরিয়ানার লাহলিতে কাটানো শীতের দিনগুলোর কথা। মাত্র ১৩ বছর বয়স থেকে লাহলির ঠাণ্ডা আবহাওয়ায় ক্রিকেট খেলে বড় হওয়া অংশুল অকপটে স্বীকার করেছেন যে অকল্যান্ডের ইডেন পার্ক এবং ওয়েলিংটনের বেসিন রিজার্ভের বাউন্সি উইচে বল করার আসল রোমাঞ্চটাই আলাদা।

প্রথম পরিবর্তন হিসেবে বোলিংয়ে এসে নিখুঁত লাইন ও লেংথের জাদুতে কিউই ব্যাটারদের রীতিমতো কোণঠাসা করে ফেলেছেন এই তরুণ পেসার। সিরিজের প্রথম দুটি ম্যাচে যথাক্রমে ২২ এবং ২৫ রান খরচ করে দুটি করে উইকেট শিকার করেছেন তিনি। সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অংশুল জানান, হরিয়ানার পরিবেশের সঙ্গে নিউজিল্যান্ডের আবহাওয়ার প্রচুর মিল থাকায় তিনি মানিয়ে নিতে মোটেও সমস্যা বোধ করছেন না। সঠিক লেংথে বল রেখে ব্যাটারদের চাপে রাখাই এখন তাঁর মূল কৌশল। এর আগে ভারত ‘এ’ দলের হয়ে একটি ম্যাচ খেলার সুবাদে এখানকার পিচের চরিত্র বুঝতে তাঁর অনেক সুবিধা হয়েছে।

এদিকে, চেন্নাই সুপার কিংসের জার্সিতে ২০২৬ সালের আইপিএল মরশুমটি অংশুলের কেরিয়ারে বড় টার্নিং পয়েন্ট হিসেবে প্রমাণিত হয়েছে। প্রতিযোগিতায় ১৪ ম্যাচে ২১টি উইকেট পকেটে পুরে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন। যদিও সেই সময় মহেন্দ্র সিং ধোনি মাঠে নামেননি, তবুও তাঁর উপস্থিতি এবং দলের প্রাক্তন হেড কোচ স্টিফেন ফ্লেমিংয়ের মূল্যবান পরামর্শ থেকে তিনি অনেক কিছু শিখেছেন। ফলাফলের কথা না ভেবে কেবল নিজের কাজের ওপর শতভাগ ফোকাস রাখতে চান এই উদীয়মান গতি তারকা।