পূজার আগে দুঃসংবাদ! মহালয়া থেকেই বৃষ্টিতে ভাসবে বাংলা, মাটি হবে উৎসবের আনন্দ?

দেবীপক্ষের শুরু থেকেই বঙ্গে বৃষ্টি দাপট দেখাতে পারে। পরপর ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের প্রভাবে এবারের পুজোয় বৃষ্টির সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ উভয়ই বৃষ্টিতে ভিজতে পারে। আবহাওয়ার এই পরিবর্তন এবারের উৎসবের আনন্দকে কিছুটা হলেও ফিকে করতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, একটি ঘূর্ণাবর্ত পূর্ব বিহার ও তার সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আজ, শনিবার থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। তাই পুজোর নতুন জামাকাপড়ের সঙ্গে বর্ষাতি ও রেনকোটও সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহালয়ার দিন অর্থাৎ রবিবার সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনকি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। তবে উত্তরবঙ্গে এই সময়ে বৃষ্টি তুলনামূলকভাবে কম হবে।